কারিগরি বোর্ডে জিপিএ-৫ বেড়েছে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৮২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৭ হাজার ৫২১ জন। পাসের হার ৮১ দশমিক ৩৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৮২ দশমিক ৭২ শতাংশ।এবার এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৫ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ৭২ জন। অর্থাৎ এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কারিগরি বোর্ডে এবার পাসের হার কিছুটা কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এটা একটা ভালো দিক।’এ বছর কারিগরি বোর্ডের অধীনে ৫৯ হাজার ৪০৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৮ হাজার ২২১ জন। পাসের হার ৮১ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৫০ জন।অন্যদিকে ২৩ হাজার ৫৭৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৩০০ জন। পাসের হার ৮১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন।পাসের হারের দিক থেকে সেরা ১০: কারিগরি বোর্ডে পাসের হারের দিক থেকে সারা দেশে প্রথম হয়েছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল। বিদ্যালয়টির ৬০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। দ্বিতীয় হওয়া চট্টগ্রামের এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের ৫৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তৃতীয় হওয়া সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম উচ্চবিদ্যালয়ের ৪৬ শিক্ষার্থীর ৪৫ জন পাস করেছে। চতুর্থ স্থানে থাকা চট্টগ্রামের খুলশীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ৪৪৪ শিক্ষার্থীর মধ্যে ৪২২ জন পাস করেছে।রাজশাহীর ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল পঞ্চম, খুলনার ইউসেপ মুহসীন টেকনিক্যাল স্কুল ষষ্ঠ, টাঙ্গাইলের সুতি ভি এম পাইলট উচ্চবিদ্যালয় সপ্তম, নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় অষ্টম, পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নবম ও শরীয়তপুরের গোসাইরহাটের ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয় দশম অবস্থানে আছে।জিপিএ-৫-এর দিক থেকে সেরা ১০: জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দেশের সেরা হয়েছে চট্টগ্রামের খুলশীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এই বিদ্যালয়ের ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুলের ৩৮ জন, তৃতীয় হওয়া চট্টগ্রামের এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের ২৫ জন এবং চতুর্থ হওয়া সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম উচ্চবিদ্যালয়ের ১৮ জন পেয়েছে জিপিএ-৫।এ ছাড়া ঢাকার কাফরুলের আনোয়ার হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড সায়েন্স টেকনোলজি কলেজের ১৭ জন, গোসাইরহাটের ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ১৫, নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ১৫, খুলনার ইউসেপ মুহসীন টেকনিক্যাল স্কুলের ১৩, বগুড়ার সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ১৩ এবং ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।