কারিগরি শিক্ষক হতে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দিন কারিগরি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। যে কারণে এ খাতে মানসম্মত পাঠদানের জন্য দক্ষ প্রশিক্ষকের চাহিদা বাড়ছে। এ ধরনের দক্ষ জনবল তৈরির শিক্ষা দিচ্ছে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কোর্স পরিচালিত হচ্ছে—১. ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন ও ২. বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন।সম্প্রতি পত্রপত্রিকায় ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ভর্তির ফরম বিতরণ শুরু হয়েছে, যা আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই প্রতিষ্ঠানে বছরে একবার শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পান। এ প্রশিক্ষণ নিয়ে আপনিও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারেন।যাঁরা ভর্তি হতে পারেন: এ প্রসঙ্গে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ও অ্যাকাডেমিক ইনচার্জ মো. রমজান আলী জানান, কারিগরি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ১৯৬৪ সাল থেকে এ ধরনের কোর্স পরিচালনা করছে। দুটি কোর্সে (ডিপ্লোমা ও বিএসসি) আলাদাভাবে তিনটি বিভাগে—সিভিল টেকনোলজি, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ও মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে পড়ার সুযোগ আছে। এর মধ্যে সিভিল টেকনোলজিতে আবেদন করতে পারবেন সিভিল ও আর্কিটেকচারে ডিপ্লোমাধারীরা। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস টেকনোলজিতে আবেদন করতে পারেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কম্পিউটারে ডিপ্লোমাধারীরা। আর মেকানিক্যাল টেকনোলজিতে পড়ার সুযোগ আছে যন্ত্রকৌশল, শক্তিকৌশল, ফুড টেকনোলজি, কেমিকৌশল, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও সিরামিকস বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা। ভর্তির যোগ্যতা: এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে তিন বা চার বছর মেয়াদি ডিপ্লোমায় ন্যূনতম জিপিএ-৩ পয়েন্ট বা প্রথম শ্রেণীতে পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই এ প্রতিষ্ঠানে উল্লিখিত যেকোনো একটি বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। দুই বছর মেয়াদি স্নাতক পর্যায়ে বিএসসি কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন সনদপ্রাপ্ত হতে হবে। ডিপ্লোমা কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ও আর দুই বছর মেয়াদি স্নাতক পর্যায়ের কোর্সটি পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। সপ্তাহে ছয় দিন (শনি থেকে বৃহস্পতিবার) সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লাস হয়। এ ছাড়া এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স শেষে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে বলে জানান মো. রমজান আলী।আবেদন ও ভর্তিপ্রক্রিয়া: ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে কলেজ থেকে ২০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার নম্বর ও সনদপত্র সত্যায়িত ফটোকপিসহ এক কপি ছবি (পাসপোট) এবং আবেদনপত্রের রসিদের কপি জমা দিতে হবে। শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীর সংখ্যার ভিত্তিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্ন হবে। মৌখিক পরীক্ষায় যেকোনো বিষয়ের ওপর জানতে চাওয়া হবে। তবে ভর্তির ক্ষেত্রে শিক্ষকতা পেশায় আগ্রহী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। খরচ যেমন: টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিধায় এখানে খরচ খুব একটা বেশি নয়। জানা যায়, ডিপ্লোমা পর্যায়ে ভর্তি ফি, মাসিক বেতন, লাইব্রেরি রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক সব মিলিয়ে প্রায় চার হাজার ৬০০ টাকা ও স্নাতক পর্যায়ে প্রায় ১১ হাজার টাকা খরচ হয়। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা: এ প্রসঙ্গে কলেজটির অ্যাকাডেমিক ইনচার্জ মো. রমজান আলী জানান, এখানকার কোর্সগুলো মূলত কারিগরি পেশায় শিক্ষকদের মানোন্নয়নের জন্য পরিচালিত হয়। কারণ, শিক্ষকদের হাত ধরেই পরবর্তী প্রজম্ম শিক্ষার আলো ছড়ায়। তাই যাঁরা কারিগরি বিষয়ে শিক্ষকতা পেশায় আসতে চান, তাঁদের জন্য এই কোর্স খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া দিন দিন প্রযুক্তি ও শিক্ষাপদ্ধতি আধুনিক হচ্ছে বলে এর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে এ ধরনের কোর্সের বিকল্প নেই। এ কোর্স করা থাকলে কর্মক্ষেত্রে সহজেই পদোন্নতির সুযোগ পাওয়া যায়। এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক দুদিকেই গুরুত্ব দিয়ে শেখানো হয়। ফলে শিক্ষকতা পেশা ছাড়াও অন্যান্য খাতেও কাজের সুযোগ রয়েছে। যোগাযোগের ঠিকানা: টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, তেজগাঁও, ঢাকা। ফোন: ৯১১৪০৭৩।