কারিনার আইটেমে সালমানের বিএমডব্লিউ উপহার
শুরুর দিকে একাধিক শর্ত আর বিশাল অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে 'দাবাং ২' ছবির আইটেম গানের প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ভেলকিবাজির মতো মত পাল্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই গানটিতে অংশ নিতে রাজি হয়ে গেছেন তিনি। সংগত কারণেই এমন সিদ্ধান্তে তাঁর ওপর বেজায় খুশি সালমান খান। আর খান সাহেবের খুশি বলে কথা! খুশিতে কারিনাকে বিলাসবহুল একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার পরিকল্পনা করছেন 'দাবাং' তারকা সালমান। বিনা পারিশ্রমিকে গানটিতে অংশ নিতে রাজি হওয়ায় কারিনাকে মূল্যবান বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি উপহার দিতে চাইছেন সালমান। ইতিমধ্যেই গাড়ি বিক্রেতাদের সঙ্গে বৈঠকও করেছেন সালমানের লোকজনেরা। ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই উপহারের গাড়িটি চূড়ান্ত করা হবে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। এর আগে দাবাং ২-এর একই আইটেম গানের প্রস্তাব নিয়ে কারিনার কাছে গিয়েছিলেন ছবির প্রযোজক ও পরিচালক আরবাজ খান। সে সময় তিনি আরবাজকে সরাসরি 'না' বললেও, কাজটি করার জন্য নানা শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তের মধ্যে ছিল, গানটি আর দশটা সাধারণ আইটেম গানের মতো হতে পারবে না, স্বপ্ন দৃশ্য হিসেবে গানটির চিত্রায়ণ করতে হবে, গানটিকে ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রচারের ব্যবস্থা করতে হবে ইত্যাদি। শুধু তা-ই নয়, গানটির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিকও হেঁকেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই মত পাল্টেছেন কারিনা। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজটি করতে রাজি হয়েছেন তিনি। কী কারণে তাঁর এমন মতের পরিবর্তন তা অবশ্য জানা যায়নি। বিষয়টি বলিউডের সবাইকে কিছুটা ধন্দেই ফেলে দিয়েছে। কেউ কেউ মত দিয়েছেন, কারিনাকে বশ করতে ব্যর্থ হয়ে ভাই সালমানের দ্বারস্থ হয়েছেন আরবাজ। আর সালমানের অনুরোধেই মুফতে গানটি করতে রাজি হয়েছেন কারিনা। অবশ্য সালমান-কারিনার এই সখ্যতার বিষয়টিকে ছোটে নবাব সাইফ আলী খান কীভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।