কারিনার পাঁচ কোটি রুপির চুক্তি!
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য পাঁচ কোটি ভারতীয় রুপিতে চুক্তিবদ্ধ হলেন কারিনা কাপুর। এর আগেও তিনি আরেকটি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন। জনপ্রিয় ওই কোমল পানীয় প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ার পরপরই একটি লেমোনেড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কারিনা কাপুর এই পাঁচ কোটি রুপির চুক্তি করলেন। নতুন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য কারিনার সঙ্গে এ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। মজার বিষয় হচ্ছে, একই প্রতিষ্ঠানের একটি আমের পানীয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কারিনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্যাটরিনা কাইফ।বছরটি কারিনার জন্য টাকা আয় করার বছর। একের পর এক বিজ্ঞাপন বাজারে কারিনার চাহিদা থেকেই তা স্পষ্ট। বড় বাজেটে এ ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হওয়ার পর সেটি আরও পরিষ্কার হয়ে গেছে। এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে অনলাইন।২০১২ সালে মাধুর ভান্ডারকার পরিচালিত হিরোইন ছবিতে আট কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা কাপুর, যা নাকি একজন অভিনেত্রীর জন্য এখন পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড। বর্তমানে ছবির কাজে ব্যস্ত সময় পার করলেও শত ব্যস্ততার মধ্যে বিজ্ঞাপনের জন্য ঠিকই সময় বের করেছেন তিনি। সম্প্রতি কারিনা ও অসিন মুম্বাইয়ের একটি স্টুডিওতে কোমল পানীয়ের এ বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন। ধারণা করা হচ্ছে, নির্মিতব্য বিজ্ঞাপনচিত্রটি সবার কাছে বেশ আকর্ষণীয় হবে। এদিকে মিড-ডে অনলাইন জানিয়েছে, টাকা বা চুক্তি প্রসঙ্গে কারিনা কাপুর কোনো ধরনের কথা বলতে রাজি হননি।