কারুকলায় পরিভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে বাঁশি বাজিয়ে সাপখেলা দেখাচ্ছে এক সাপুড়ে। দৃশ্যটি কাঠখোদাই করেই ফুটিয়ে তুলেছেন শিল্পী ফারহানা তাবাসসুম। গতকাল শনিবার থেকে তাঁর শিল্পকর্মের প্রথম একক প্রদর্শনী শুরু হয়েছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২-এ।বিকেলে ‘এ জার্নি বাই ক্রাফ’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশিদ। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৭টি। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে কাঠখোদাই, কাঠ ও ধাতব পাতের কাজ, সেফিগ্রাফ, বুনন, বাটিক, অ্যাপ্লিক, কালি-কলমের অঙ্কন ও মিশ্রমাধ্যমের কাজ রয়েছে। শিল্পী প্রাধান্য দিয়েছেন নারীর প্রাত্যহিক জীবনের নানা মুহূর্তের অনুভব-অনুভূতির বিষয়। বেদেনি, রূপকথার বিশেষ বিশেষ চরিত্র ও সাধারণ গেরস্ত ঘরের বধূ তাঁর কাজে উপস্থাপিত।শিল্পী ফারহানা তাবাসসুম এ বছরই চারুকলা অনুষদের কারুশিল্প থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে এমএফএ উত্তীর্ণ হয়েছেন; বিএফএতেও তিনি প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন। এখন স্বাধীনভাবে শিল্পকর্মের চর্চা করছেন।সময়ের প্রতিচ্ছবি: ‘সময়ের প্রতিচ্ছবি’ নামের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১-এ। গতকাল শনিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: অসীম হালদার, ফরহাদ উদ্দিন, গোপাল চন্দ্র সাহা, মেহেরুন্নেছা, শ্যামল চন্দ্র সরকার ও উমা মণ্ডল। প্রদর্শনীতে ছাপচিত্র, অ্যাক্রেলিক, জলরং, মিশ্রমাধ্যম, কাঠ, সিরামিকের চিত্রকলা ও ভাস্কর্য রয়েছে মোট ২৩টি। প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।