কাঠ কেটে তৈরি করা হচ্ছে খেলনা পুতুল, হাতি, ঘোড়া, বাঘ। বেত-বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে ডালা, কুলাসহ হরেক রকম জিনিস। আবার কাদামাটি দিয়ে কেউ তৈরি করছেন পতুল, কেউ বা রং করছেন শখের হাঁড়িতে। পাশাপাশি বসে কয়েকজন সেলাই করছেন নকশিকাঁথা, বুনছেন তাঁতের শাড়ি, শতরঞ্জি ও পাপোস। অন্যদিকে কামারের দল তৈরি করছে দা, বঁটি, খুন্তা প্রভৃতি। এসব দৃশ্য দেখা গেল লোককারুশিল্প মেলায়। আর ১০টি মেলার চেয়ে এই মেলার ভিন্নতা এতেই। কারণ এখানে শুধু পণ্য বিক্রিই হয় না, তা তৈরির পুরো প্রক্রিয়াই চলে মেলার ভেতর।সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজন করেছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১১। তাই এখন ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর এলাকা। মেলা উপলক্ষে এখানে আছে নাগরদোলায় চড়া ও পতুল নাচ দেখার আয়োজন।এ ছাড়া মুড়ি-মুড়কির মতো দেশীয় নানা খাবার আছে মেলায়। তাঁত ছাড়াও এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা পণ্যের সমাহার রয়েছে। এই মেলার মজা হচ্ছে এখানে জামদানি কেনা যায়, আবার জামদানি তৈরির পুরো প্রক্রিয়াটা দেখাও যায়।লোকজ উৎসবকে কেন্দ্র করে এখন প্রতিদিনই বিকেলে উৎসবের কেন্দ্রীয় মঞ্চে লোক, বাউল, জারি-সারি, গম্ভীরা ও পালাগান এবং পুঁথি পাঠের আসর বসছে। এ ছাড়া লোকনৃত্য, যাত্রা, দেশীয় নানা খেলারও আয়োজন থাকছে উৎসবে। সব মিলিয়ে মেলার দর্শনার্থীরা বাঙালিয়ানার স্বাদ নিয়ে বাসায় ফিরছেন।তবে মেলা ছাড়াও যেকোনো সময়ই আসা যায় সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। কেননা এখানে আছে লোক ও কারুশিল্প জাদুঘর। জাদুঘরের ১১টি গ্যালারিতে রয়েছে ঐতিহ্যবাহী কাঠ খোদাই শিল্প, পটচিত্র, মুখোশ, নৌকার নকশা, লোকজ বাদ্যযন্ত্র, বাঁশ-বেতের নানা উপকরণ।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা আছে। সেখানে নৌকায়ও চড়া যায়। আধাঘণ্টার জন্য নৌকা ভাড়া ১০০ টাকা। ফাউন্ডেশনের আঙিনায় লালন কর্নারে প্রতি মাসের প্রথম শুক্রবার বিকেল তিনটায় বাউল গানের আসর বসে। এ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি হবে বাউল গান। আবার প্রতি মাসের শেষ শুক্রবার সকাল ১০টায় শেখ রাসেল কর্নারে শিশুদের ছবি আঁকার আসর বসে।বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পাশেই রয়েছে পানাম নগর। ফাউন্ডেশন থেকে পানাম নগর হেঁটেই যাওয়া যায়। সেখানে গেলে দেখা যাবে ঐতিহ্যবাহী ইমারত।গুলিস্তান ও যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের বাস ছেড়ে যায়। সময় লাগে ঘণ্টাখানেক। সোনারগাঁও বাসস্ট্যান্ড থেকে রিকশায় যাওয়া যায় জাদুঘরে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য খোলা থাকে জাদুঘর। তবে মেলা ও লোকজ উৎসব চলে রাত নয়টা পর্যন্ত। ১৯ ফেব্রুয়ারি শেষ হবে মেলার আয়োজন।