কারেন্ট জালের উৎপাদন, বিপণন নিষিদ্ধই থাকছে
কারেন্ট জালের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ ও আমদানি নিষিদ্ধ করে মত্স্য সংরক্ষণ আইনে আনা এ-সংক্রান্ত সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দিয়েছেন হাইকোর্ট।২০০২ সালে আনা ওই সংশোধনীর ৪-এ (১) (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে কারেন্ট জালের উত্পাদন, বিপণন, বাজারজাতকরণ, সংরক্ষণ, দখলে রাখা, মজুদ, বহন, পরিবহন ও আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধই থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইনজীবী সূত্রগুলো জানায়, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ২০০২ সালে সংশোধনী আনা হয়। সংশোধনীর ৪-এ(১) তে কারেন্ট জাল উত্পাদন, তৈরি, আমদানি, বেচা-কেনা, মজুদ, বহন, দখলে রাখা ও এর ব্যবহার নিষিদ্ধ করা হয়। ৪-এ(২) তে যাদের কাছে জাল আছে তাদের ৪৫ দিনের মধ্যে নিকটস্থ পুলিশ স্টেশন বা মৎস্য কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তা জমা দেওয়ার কথা বলা রয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সালাম ফিলামেন্টের স্বত্বাধিকারী মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে পৃথক রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে সংশোধনীর ওই ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। অন্তর্বর্তীকালীন আদেশে কারাখানা মালিকদের ব্যবসায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রিট আবেদন খারিজ করে রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন ও খন্দকার মো. খোরশেদ আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ১৬টি রিট আবেদন ছিল। আদালত চূড়ান্ত শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন। ফলে কারেন্ট জালের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ, সংরক্ষণ, দখলে রাখা, মজুদ, বহন, পরিবহন ও আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধই থাকল। আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, মৌলিক অধিকারের পরিপন্থী ও অসাংবিধানিক বলে সংশোধনীর ৪-এ (১) (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। কারণ অর্থ বিনিয়োগ করে কারাখানা চালুর পর আইন করে তা বন্ধ করে দেওয়া পেশার অধিকার লঙ্ঘিত হয়। মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।অপর আইনজীবী খন্দকার মো. খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে মত্স্য উপকরণ প্রস্তুতকারক মালিক সমবায় সমিতিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষে একাধিক রিট করা হয়। আদালত তা খারিজ করে রায় দিয়েছেন। এর বিরুদ্ধে আপিল করা হবে।