কার্গোডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
বাগেরহাটের মংলা বন্দর চ্যানেলে ডুবে যাওয়া কার্গোর নিখোঁজ দুই শ্রমিকের লাশ আজ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় গতকাল রোববার সিমেন্টের কাঁচামাল বোঝাই করার সময় এমভি মোকছেদপুর-২ কার্গোটি ডুবে যায়।আজ দুপুরে নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ডুবে যাওয়া কার্গোর ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। তাঁরা হলেন—ওই জাহাজের লস্কর মুরাদ (২০) ও শাহাদাত (২২)। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা সোয়া একটার দিকে নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের ডুবুরি দল ডুবে যাওয়া কার্গোর ভেতরে তল্লাশি চালিয়ে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। মরদেহ দুটি মংলায় নেওয়া হয়েছে। তবে কার্গোটি এখনো উদ্ধার করা যায়নি।গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় বিদেশি জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল বোঝাই করার সময় তলা ফেটে এমভি মোকছেদপুর-২ ডুবে যায়।