কার্জন হলে পাখির রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে গাছে ফুটে আছে রক্তরাঙা পলাশ। পলাশের আগুনঝরা শিখা মনে করিয়ে দিচ্ছে ঋতুরাজ বসন্তের কথা। দখিনা হাওয়ায় দিনমান পলাশের গায়ে বসে থাকে হরেক রকম পাখি। কাঠশালিক, টিয়া, হাঁড়িচাঁচা, বুলবুলি, ফিঙে, মৌটুসি, নীলটুনি, ফুলঝুড়ি আর মাছরাঙার কলকাকলিতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা।কার্জন হল এলাকায় রয়েছে চারটি পলাশগাছ। মূল ফটকের সামনে, পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও মুসা খাঁ মসজিদের পাশে রয়েছে তিনটি পলাশগাছ। অন্য গাছটি প্রাণিবিদ্যা বিভাগের সামনের পুকুরপাড়ে। পলাশের ভারে যেন দেবে যাবে গাছটি। পুকুরের পানি লাল হয়ে থাকে পলাশের ছায়ায়। বসন্তের বাতাস ঢেউ খেলে যায় পানিতে। পুকুরপাড়ের এই গাছে বেশি বসে মাছরাঙা পাখি। পলাশের ডালে সচরাচর মাছরাঙা বসে না। তবে এই গাছটিই ব্যতিক্রম। যেন মাছের আশায়ই পলাশের ডালে ওত পেতে বসে থাকে মাছরাঙার দল। পলাশডালে চুপচাপ বসে থাকে সে। আচমকা উড়াল দিয়ে যায় পুকুরে। ছোঁ-মেরে ঠোঁটে কিংবা পায়ে মাছ ধরে আবার ডানা মেলে উড়ে যায় আকাশে।পদার্থবিজ্ঞান বিভাগের পেছনের বিশাল গাছে বেশি বসে গোলাপিকণ্ঠী টিয়া, ফিঙে ও হাঁড়িচাঁচা পাখি। টিয়াগুলো এ-ফুল থেকে ও-ফুলে, সারা দিন আপন মনে ঘুরে বেড়ায়। পলাশগাছের নিচ দিয়ে হেঁটে যায় মানুষ। টের পেয়ে টিয়াগুলো উড়ে যায় দূর আকাশে। হাঁড়িচাঁচা উঁকি দিয়ে মধু খোঁজে, যেন একটু পেলেই খুশি। আর ফিঙে আসে পোকা ও মধুর লোভে। মুসা খাঁ মসজিদের পাশের গাছটিতে দেখা যায় ফুলঝুরি আর বুলবুলির নাচন। আর কার্জন হলের মূল ফটকের সামনের গাছটিতে ওড়াউড়ি করতে দেখা গেল মধুপায়ী পাখি মৌটুসি ও নীলটুনি। এত চঞ্চল পাখি দুটি এক ডালে বেশিক্ষণ বসে না। সবগুলো গাছেই প্রাধান্য নিয়েছে কাঠশালিক। সংখ্যায় অনেক হলেও শালিকগুলো ডাল বেয়ে এমন নিঃশব্দে হাঁটাচলা করে যে টের পাওয়া যায় না। সব মিলিয়ে পাখির রাজ্যে পরিণত হয়েছে পুরো কার্জন হল।পাখিবিদ শরীফ খান আট বছর কার্জন হল ও শিশু একাডেমীতে জরিপ চালিয়ে ৭০ প্রজাতির দেশি ও পরিযায়ী পাখির তালিকা তৈরি করেছেন। কার্জন হল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যান, শিশু একাডেমী, জাতীয় জাদুঘর ও বাংলা একাডেমী এলাকাজুড়ে একটা পক্ষীবলয় রয়েছে। পাখিগুলো এই এলাকায়ই থাকে। গাছের ডালপালায় রাত কাটায়। বসন্ত হচ্ছে পাখির বাসা বাঁধার ভরা মৌসুম। তাই অন্যান্য মৌসুমের চেয়ে বসন্তে এদের বেশি দেখা যায়। পলাশ ফুল রক্তের মতো লাল বলে এর গায়ে মাঝেমধ্যে এসে বসে হলদে বউ পাখি। তখন লাল-হলুদ মিলে দৃশ্যটা অন্য রকম দেখায়।অপরূপ শোভামণ্ডিত ও দৃষ্টিনন্দন কার্জন হল নগরের ঐতিহ্যবাহী একটি স্থাপনা। কার্জন হলে এমনিতেই প্রচুর গাছগাছালি। আকাশে নীলের ছায়ায় গাছে গাছে পল্লবিত বসন্তের নতুন পাতা। লাল ইটের তৈরি দালানকোঠা আর শ্যামলিমা যেন মিলেমিশে একাকার। শিমুল, পারিজাত, অশোক, গ্লিরিসিডিয়া, নীলমণি লতা, নাগেশ্বর, রক্তকাঞ্চন, বকুল, সজনেসহ বসন্তের নানা ফুল ফুটে আছে কার্জন হলের ভেতরে।কার্জন হলে ফুল, পাখির রাজ্যে কখন যে বেলা গড়িয়ে যায়, তা টেরই পাওয়া যায় না। বসন্তের গোধূলিবেলায় মাথার ওপর ওড়ে শত শত ভুবনচিল। বাতাসে ভেসে বেড়ায় ছোট বসন্তবউড়ির টুপ টুপ ছন্দময় ডাক। এত গাছের ভিড়ে কোন গাছের আড়াল থেকে যে কুহু কুহু করে কোকিল ডাকে, তা স্পষ্ট বোঝা যায় না। দিন কয়েক আগে ছবি তুলতে দেখে পারিজাতের ডালে বসা একটি দোয়েল ডানা ঝাপটে উড়ে গেল।