কার্টুন নিয়ে বাড়াবাড়ি: মমতা সরকারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গুর জমি মামলা, হলদিয়া মেডিকেল কলেজের ঘটনায় হাইকোর্টের নিশানা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। এবার ধাক্কা এল রাজ্যের মানবাধিকার কমিশনের কাছ থেকেও। ফেসবুকের কার্টুন-কাণ্ডের জেরে আজ সোমবার রাজ্য সরকারকে জরিমানার নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন।ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেলমন্ত্রী মুকুল রায়ের ব্যঙ্গচিত্র প্রচারের অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং সুব্রত সেনগুপ্তকে গ্রেপ্তার করেছিল পূর্ব যাদবপুর থানা পুলিশ। সেই ঘটনা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে রাজ্য মানবাধিকার কমিশন। ওই ঘটনায় অম্বিকেশ মহাপাত্র ও সুব্রত সেনগুপ্তের সম্মানহানি হয়েছিল বলে সিদ্ধান্তে পৌঁছায় কমিশন। তাই রাজ্য সরকারকে ওই দুজনকে ৫০ হাজার রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এ ছাড়াও অম্বিকেশ মহাপাত্র ও সুব্রত সেনগুপ্তকে হেনস্তার অভিযোগে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। এ জন্য পূর্ব যাদবপুর থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী একজন দারোগার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফেসবুকে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর কার্টুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ যে অ্যাপার্টমেন্টে থাকেন, তার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি সুব্রত সেনগুপ্তকেও গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে অম্বিকেশ মহাপাত্রের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতকারী। এরপর পূর্ব যাদবপুর থানার পুলিশের হাতে অম্বিকেশকে তুলে দেয় হামলাকারীরা। হাউজিং সোসাইটির ই-মেইল থেকে ব্যঙ্গচিত্র শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করা হয় সুব্রত সেনগুপ্তকে। অম্বিকেশ ও সুব্রতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার পরই তাঁরা জামিনে মুক্তি পান। কিন্তু শুধু ব্যঙ্গচিত্রের কারণে তাদের পুলিশি হেনস্তার ঘটনায় আজ তীব্র প্রতিক্রিয়া জানাল মানবাধিকার কমিশন। কমিশনের এই নির্দেশের ফলে রাজ্য সরকার রাজনৈতিকভাবে একটি ধাক্কা খেল।