কার্টুনিস্ট শান্তর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্টুনিস্ট ও নাট্যনির্দেশক তারিকুল ইসলাম ওরফে শান্তর (৩৯) দ্বিতীয় জানাজা আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের আন্দোলনকারী, নাট্যজন, ব্লগারসহ সর্বস্তরের মানুষ তাঁর জানাজায় অংশ নেন।শাহবাগের প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে গতকাল বিকেলে হূদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে যান তারিকুল ইসলাম ওরফে শান্ত। তিনি দৈনিক ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই। পরিবার নিয়ে পশ্চিম নাখালপাড়ার পৈতৃক বাড়িতে বসবাস করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে।শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, দ্বিতীয় জানাজার পর শান্তর মরদেহ বনানী কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁকে দাফন করা হবে। গতকাল সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়ার রেলগেট মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।আজ জানাজায় অংশ নিয়ে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, শান্ত সব সময় মুক্তিযুদ্ধ নিয়ে নাটক বানিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি নিরীহ ও ভালো মানুষ ছিলেন।কার্টুনিস্ট হিসেবে ‘ভোরের কাগজ’ পত্রিকায় কর্মজীবন শুরু করেন তারিকুল ইসলাম ওরফে শান্ত। পাশাপাশি ‘উন্মাদ’ পত্রিকার সঙ্গেও ছিলেন। ‘কল্পদূত কমিকস’ ছিল তাঁর নিজস্ব উদ্যোগ। নাট্যকার ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন।তারিকুলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করেছেন।