কার্ডে ঈদের উষ্ণতা
মুঠোফোনের খুদে বার্তা কিংবা ফেসবুকের স্ট্যাটাসে এখন শুভেচ্ছা বিনিময় হয়। তবু নগরের গলিতে কিংবা উপহারসামগ্রীর দোকানে ঠিকই উঠেছে ঈদকার্ড। সেখানে ভিড়ও মন্দ নয়। কেবল নেই আগের সেই উন্মাদনা। এমনটিই বলছিলেন গিফট শপ হলমার্কের সোবহানবাগ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।তাঁর কথার সত্যতা মেলে কয়েকটি দোকান ঘোরার পর। কিছুদিন আগেও সুরেলা কার্ডের প্রচলন ছিল। কিন্তু এবার অনেক দোকান ঘুরে এ কার্ডের দেখা মেলেনি। তবে পুরানা পল্টনের এবি কার্ড সেন্টারের সত্বাধিকারি আরিফুলইসলাম জানান, তাদের এখানে ঈদ উপলক্ষ্যে সুরেলা কার্ড করা হয়েছে। নগরে আজাদ প্রোডাক্টস, আইডিয়াল প্রোডাক্টস, এবি কার্ড সেন্টার, আর্চিস গ্যালারি, হলমার্কসহ বিভিন্ন কার্ডের দোকান রকমারি ঈদকার্ড নিয়ে এসেছে। অনেক দোকানেই মিলছে হাতে তৈরি (হ্যান্ড মেইড) ঈদ কার্ড।আইডিয়াল প্রোডাক্টসের বিক্রয়কেন্দ্রে ঈদের কার্ড কিনতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম ফয়সাল। সুন্দর ডিজাইনের একটি কার্ড তাঁর পছন্দ হয়েছে, কিন্তু বিপত্তি বাধিয়েছ হলুদ রং। যাঁর উদ্দেশ্যে কার্ড কিনতে আসা, সেই মানুষটি হলুদ রং পছন্দ করেন না। বাধ্য হয়ে আরেক রঙের কার্ড নিলেন। প্রিয়জন কেমন রং পছন্দ করেন, সে কথা মাথায় রেখেই ঈদের কার্ড কেনা উচিত বলে মনে করেন ফয়সাল।এই দোকানে ঈদকার্ড কিনতে এসেছেন ডরোথি আন্না নামে আরেকজন। এত আগে ঈদকার্ড কিনতে আসা কেন? এমন প্রশ্নে ডরোথি যেন বিস্মিত, ‘কী বলেন! ঈদের তো আছে মাত্র আর কয়েক দিন, এরপর তো সময়ই পাব না, তাই একটু আগেভাগে কিনতে এসেছি।’ তিনি বিভিন্ন ধরনের সাতটি ঈদকার্ড কিনলেন।সোবহানবাগের হলমার্কে ঢুকেই ছোটদের উপযোগী ঈদকার্ডের খোঁজ করলেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আলম রহমান। দোকানি ‘মিস্টার বিন’-এর ছবিসংবলিত ঈদকার্ড হাতে ধরিয়ে দিলেন। এ ছাড়া বিভিন্ন কার্টুন কার্ডও রয়েছে এই দোকানে। তারই কয়েকটি কিনে নিলেন আলম রহমান। আজাদ প্রোডাক্টসের সব কার্ড তৈরি হয় আজাদ সেন্টারে। সেখানে গিয়ে দেখা যায়, সবাই কাজে ব্যস্ত। কার্ডের কোনা মুড়িয়ে তাতে পাতলা গোলাপি রঙের ফিতা লাগাচ্ছিলেন কর্মচারী এনাম কবির। ফিতার বাঁধনটি একটু কৌশল করে দেওয়ায় সুন্দর একটি ফুলের রূপ নিয়েছে। তিনি জানান, বিশেষ এই ঈদকার্ডের দাম পড়বে ১৫০ টাকা। আজাদ প্রোডাক্টসের বিক্রয়কর্মী সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, তাঁদের এখানে ১০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মূল্যমানের ঈদকার্ড পাওয়া যাচ্ছে। তবে এক টাকা দামের কার্ডও আছে, সেগুলো পাড়ার ছোট ছেলেরা কিনে নিয়ে বিক্রি করে।আইডিয়াল প্রোডাক্টসের ব্যবস্থাপক এহতেশামুল হক চৌধুরী জানান, তাঁরা প্রায় এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ ধরনের কার্ড বাজারে এনেছেন। এবার একটু আগেভাগে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় কমবয়সী ছেলেমেয়েরা দোকানে আসছে কম।কোনো কোনো শিশু মহল্লার গলিতে পুরোনো ব্যানার কিংবা খড়কুটো দিয়ে অস্থায়ী দোকান বানিয়ে বসেছে। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে কয়েকজন কিশোর ঈদকার্ড ও স্টিকার নিয়ে বসেছে। পুরোনো ব্যানার দিয়ে চারপাশ মুড়ে তারা দোকান করেছে। এ নিয়েই তারা সারা দিন মেতে থাকে।