কার্ডে লেনদেন...
গুলশানের একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন সানজিদা জাহান। দুপুরের খাবারের বিরতির সুযোগে প্রায়ই অফিসের বাইরে বেরিয়ে পড়েন তিনি। নিয়মিত ঢুঁ মারেন অফিসের আশপাশের শপিং মলগুলোয়। সানজিদা জানান, কেনাকাটা করলেও পার্সে খুব একটা টাকা রাখেন না তিনি। প্লাস্টিকের কার্ডেই কেনাকাটা করেন।ছিনতাইকারী আর পকেটমারের দৌরাত্ম্যের এই নগরে নগদ টাকা নিয়ে চলাফেরা করতে যাঁরা নিরাপত্তা পান না। আবার কাগুজে নোট নিয়ে ঘোরাঘুরি যাঁদের কাছে ঝামেলার বলে মনে হয়—এ রকম মানুষের কাছে আশীর্বাদই বলা যায় ডেবিট কিংবা ক্রেডিট কার্ড।দেশের প্রায় সব ব্যাংকেই এখন অনলাইন ব্যাংকিং সুবিধা রয়েছে। তাই তাদের বরাতে সহজেই নগরবাসীর হাতে চলে আসছে বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড। এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা জানান, ব্যাংকগুলোতে ডেবিট আর ক্রেডিট কার্ড নানা নামে প্রচলিত। কোথাও আবার সুযোগ-সুবিধার তারতম্যে নামে ভিন্নতা রয়েছে, রয়েছে আকর্ষণীয় প্যাকেজ। কার্ডের জন্য ব্যাংকগুলো বছরে নির্দিষ্ট ‘চার্জ’ নেয়। কেউ যদি কার্ড নিতে চান, তবে তাঁকে কার্ড সেবার সুবিধা ও শর্তগুলো জেনে নিতে হবে। এতে করে ভোগান্তি এড়ানো যাবে। আর ব্যবহারের সময় সতর্কতার সঙ্গে পিন কোড ও গোপন নম্বরগুলোর গোপনীয়তা বজায় রাখতে হবে।নগরের অনেক স্টোর, সুপারস্টোরে কার্ডেই করা যাচ্ছে লেনদেন। এ নিয়ে বনানীর একটি স্টোরে কথা হয় আদনান বিন তাজের সঙ্গে। তিনি বলেন, ‘পোশাক-পরিচ্ছদ ছাড়াও মুদিপণ্য, রেস্তোরাঁয় খাবার, হাসপাতালের বিল পর্যন্ত কার্ডে পরিশোধ করি। এর কারণ হচ্ছে, টাকা সঙ্গে নিয়ে ঘুরতে ভালো লাগে না। আর কার্ডে কেনাকাটা করে মাস শেষে অনলাইনে পরিশোধ করে দিই।’ তিনি আরও জানান, কেউ কেউ কার্ড ব্যবহার করতে গিয়ে আয়-ব্যয়ের হিসাবটা রাখেন না। কেনাকাটা করতে গিয়ে বিব্রতকর অবস্থা এড়াতে হলে আগেই নিশ্চিত হতে হবে কার্ড দিয়ে কত টাকা পর্যন্ত পরিশোধ করা যাবে।নগরের ঝলমলে শপিং মল ছাড়াও পেট্রলপাম্পের আঙিনায়ও মিলছে কার্ডের সেবা। তাই ছিনতাইয়ের ভয় কিংবা জালনোটের ‘জুজু’ এড়ানো যাচ্ছে সহজেই। কার্ডের কল্যাণে আবার বিদেশ থেকে এসে ডলার ভাঙানোর মতো চক্করেও পড়তে হয় না। এ প্রসঙ্গে প্রবাসী মোহাম্মদ মমিন বলেন, ‘দেশে আসার সময় সঙ্গে এনেছি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড। ফলে যেখানেই যাচ্ছি, লেনদেনে তেমন একটা সমস্যায় পড়তে হচ্ছে না। আবার পিন নম্বর দিয়ে অনায়াসে নগদ টাকাও তুলতে পারছি। ডলার ভাঙানোর বিরক্তি থেকে মুক্তি মিলছে সহজেই।’‘কার্ড-হোল্ডার’ হওয়ার আগে কিন্তু এর ব্যবহার জেনে নিতে হবে। মেশিনে কার্ড ঢোকানো আর বের করার নিয়মের সঙ্গে সঙ্গে জানতে হবে এটি সংরক্ষণের বিষয়টিও। কার্ড হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংককে জানাতে হবে। আবার মানিব্যাগে কার্ড রাখলে এমনভাবে রাখতে হবে, যাতে তা বেঁকে না যায়। এতে কার্ড অকেজো হয়ে যেতে পারে।নগরে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানান আড়ংয়ের গুলশান শাখার হিসাবরক্ষক নাজমুল করিম। তিনি বলেন, আড়ংয়ে বিদেশি ক্রেতার সংখ্যা যেহেতু বেশি, তাই একটা সময় পর্যন্ত ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারী ছিল মূলত বিদেশি ক্রেতারা। এখন দেশীয় ক্রেতাদের অনেকে কার্ড দিয়ে কেনাকাটা করছেন।‘নগরের অভিজাত শপিং মলগুলোয় দেশি বা আন্তর্জাতিক—সব ধরনের কার্ডই ব্যবহারের সুবিধা রয়েছে। নিজেদের নিরাপত্তার কথা ভেবে অনেক বিক্রেতা ডেবিট কার্ডে লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে নেন। কারণ, ক্রেতা যে পরিমাণ টাকার কেনাকাটা করেছেন, তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা নাও থাকতে পারে।’ এমনটাই বলছিলেন গুলশানের নাভানা শপিং মলের ফ্যাশন হাউস ডি-চেকের শোরুমের ম্যানেজার রেজাউল হক। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ক্রেডিট কার্ড সুবিধাজনক। অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার পরও বিশেষ শর্তে টাকা উত্তোলন করা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও নগরে রয়েছে প্রি-পেইড গিফট কার্ড। এই কার্ড রিচার্জ করে সহজেই কেনাকাটা সারা যায়।নগরের অভিজাত শপিং মল, সুপারস্টোর আর ফ্যাশন হাউসে কার্ডসেবা পাওয়া যায় অনায়াসেই। কিন্তু এখনো এই সেবা পৌঁছায়নি সব দোকানপাটে। আবার ওয়ারীতে পাওয়া গেল ভিন্ন চিত্র। এখানে কার্ড ব্যবহারকারী কম থাকায় কোনো কোনো ফ্যাশন হাউস এ সেবায় বিরতি টেনেছে।কার্ডে যে লেনদেন হচ্ছে, তা তদারকিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা জানতে চাইলে এর জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গেই আইন সংশোধন করা যায় না। প্রচলিত ব্যাংক আইনে এখন বিষয়টি তদারক করা হচ্ছে। কোনো ব্যাংক কার্ডসেবা চালু করতে চাইলে অবশ্যই তাকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে।