চালের বাজার আবার অস্থির ওএমএস চালু ও ১০ থেকে ১২ লাখ টন খাদ্যশস্য আমদানির পরামর্শ
কার্তিকের প্রভাব আশ্বিনে
বাংলা সনের হিসাবে কার্তিক এবং ইংরেজি সালের নভেম্বর মাসের শুরুতে দেশে চালের দাম কিছুটা বাড়তি থাকে। নভেম্বরের শেষ দিকে বাজারে আমন চাল আসতে শুরু করলে দাম কমে। অথচ এবার আশ্বিনের প্রথম সপ্তাহ থেকেই চালের দাম বেড়েছে। গত রমজান মাসের পুরো সময় খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম চালু থাকায় বাজারে চালের দাম স্থিতিশীল ছিল। ঈদের দুই দিন পর দাম আবার বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক সপ্তাহ আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৩১ থেকে ৩২ টাকা। চলতি সপ্তাহে তা বেড়ে হয়েছে ৩২ থেকে ৩৪ টাকা। মানভেদে সব ধরনের চালের দামই এক মাসের ব্যবধানে ৩ থেকে সাড়ে ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে, আর গত এক বছরে বেড়েছে ৫০ শতাংশ। খাদ্য অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি চাল ২৯ থেকে ৩০ টাকা, চট্টগ্রামে ৩১ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি গুদামে এখনো ছয় লাখ ৬০ হাজার টন চাল ও ৮০ হাজার টন গম রয়েছে—এ কথা উল্লেখ করে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরে ৪৫ হাজার টন গম খালাসের অপেক্ষায় রয়েছে।চালের দাম নিয়ন্ত্রণে দ্রুত খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, চালের সম্ভাব্য সংকট মোকাবিলায় বিদেশ থেকে ১০ থেকে ১২ লাখ টন খাদ্যশস্য আমদানি করা উচিত। তিনি বলেন, নভেম্বরে আমন কাটার আগ পর্যন্ত দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে চাল বিক্রি চালু করা প্রয়োজন। নয়তো চালের দাম আরও বাড়বে। তখন আর নিয়ন্ত্রণ করা যাবে না। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, আগস্টের ১০ তারিখের মধ্যে আরও এক লাখ ১০ হাজার টন গম আসবে। ফলে সরকারি গুদামে খাদ্যের কোনো সংকট নেই। ঈদের পর দাম কিছুটা বাড়ে এবং এরপর ধীরে ধীরে কমে আসে—এ মন্তব্য করে তিনি বলেন, আগামী এক সপ্তাহ মূল্য-পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ সময় যদি দেখা যায় যে দাম বাড়ছেই, তাহলে ওএমএসসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। চালের দাম বাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাহিদা-জোগানের হিসাবের গরমিলকে দায়ী করছেন। চালকল মালিকেরা বলছেন, এবার উচ্চফলনশীল ধানের উৎপাদন অশানুরূপ হয়নি। ফলে মোট লক্ষ্যমাত্রার চেয়ে কমপক্ষে ১০ লাখ টন কম উৎপাদন হয়েছে। তাই কার্তিক মাসের আগেই চালের দাম বাড়তে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গত বোরো মৌসুমে এক কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদিত হয়েছে। এই চাল দিয়ে নভেম্বর মাস পর্যন্ত দেশের চাহিদা মেটার কথা। আমনে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৪০ লাখ টন। চলমান বন্যার কারণে দেশের বেশ কিছু এলাকায় আমন ধানের উৎপাদন কম হতে পারে—এ কথা উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, এবার বোরোতে এক কোটি ৭৫ লাখ টনের বেশি চাল উৎপাদন হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে উচ্চফলনশীল ধানের আবাদি জমির পরিমাণ ছিল ১০ লাখ একর। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে, উচ্চফলনশীল ধানের জমির পরিমাণ ছয় লাখ একরের বেশি হবে না। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, যে পরিমাণ জমিতে উচ্চফলনশীল ধানের চাষ হয়েছে, তার ১০ শতাংশে চিটা হয়েছে। ফলে সব মিলিয়ে বোরোতে উৎপাদন ঘাটতি ১০ থেকে ১৫ লাখ টন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল অ্যাসোসিয়েশনের সভাপতি লায়েক আলী প্রথম আলোকে বলেন, সরকারি হিসাবে প্রতি ৬০ কেজি উচ্চফলনশীল ধানে ৩৯ কেজি চাল হয়। কিন্তু বাস্তবে তা ২৭ কেজির বেশি হয় না। বাজারে এই সময়ে পর্যাপ্ত ধানের সরবরাহ থাকার কথা থাকলেও বেশির ভাগ হাটে ধান পাওয়া যাচ্ছে না। হাটে আর ধান না উঠলে দাম আরও বাড়তে পারে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত দরিদ্র মানুষের জন্য দ্রুত ওএমএস চালু করা।