কার্বন নিঃসরণ কমাতে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্বন নিঃসরণ কমাতে আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গতকাল চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে কার্বন নিঃসরণ কমাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আমরা আবুধাবির পথ অনুসরণ করতে পারি।’ শেখ হাসিনা বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বনিম্ন পর্যায়ে রাখতে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির পাশাপাশি জ্বালানির সব উৎসের সদ্ব্যবহার করতে হবে। তিনি বলেন, ‘উন্নয়নের প্রয়োজনে জ্বালানি উৎসের বিষয়ে আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আমাদের পরিচ্ছন্ন জ্বালানিপ্রযুক্তির পাশাপাশি নিজস্ব মজুদ গ্যাস ও কয়লা এবং আমদানি করা তেল, পরমাণু শক্তিসহ জ্বালানির সব উৎসের ভারসাম্যপূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে বিশ্বকে কার্বন দূষণমুক্ত করতে চাই। কিন্তু এ জন্য সময়ের প্রয়োজন।’ তিনি বলেন, বাংলাদেশও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা গ্রহণ করছে এবং ইতিমধ্যে ৪০ লাখ বাড়িঘরে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।আবুধাবিতে ম্যানগ্রোভ গাছের চারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সঙ্গে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনের সাদৃশ্য রয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনসহ কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত, ভুটানের স্ফটিক-স্বচ্ছ হ্রদ, মালদ্বীপের প্রবালদ্বীপ ও বিশ্বের জীববৈচিত্র্য হুমকির মুখে বলে তিনি উল্লেখ করেন। গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণেই বিশ্ব দিন দিনই উত্তপ্ত হয়ে উঠছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা একেবারে নেই বললেই চলে। অথচ দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। এর প্রভাবে এ দেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। তাই এ দেশে প্রাণহানি যেমন ঘটছে, তেমনই উন্নয়ন-কার্যক্রমও ব্যাহত হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বেড়ে গেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে, গৃহহীন হবে প্রায় তিন কোটি মানুষ।শেখ হাসিনা বলেন, ‘এসব উদ্বেগের প্রেক্ষাপটেই আমরা ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনে মিলিত হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় কিয়োটো, বালি, কোপেনহেগেন ও কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো বাধ্যবাধকতামূলক একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে পারিনি।’আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন মানে কি বিশ্বকে সর্বগ্রাসী দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়া? আমরা কি আমাদের শিশুদের জন্য এ ধরনেরই একটি বিশ্ব রেখে যেতে চাই? যদি তা না হয়, তাহলে আমাদের আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ শীর্ষ সম্মেলন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার নবায়নের সুযোগ তৈরি করে দিয়েছে।’সম্মেলনে আরও বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, আইসল্যান্ডের প্রেসিডেন্ট অলাউর রাগনা গ্রিমসন, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পর্তুগালের প্রধানমন্ত্রী জোসে সক্রেট, জর্জিয়ার প্রধানমন্ত্রী নিকা গিলোরি, আবুধাবির যুবরাজ শেখ জায়েদ বিন আল নাহিয়ান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন বিশিষ্ট বক্তা ও তিন হাজার উচ্চপদস্থ প্রতিনিধি সমবেত হয়েছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় ভবিষ্যৎ জ্বালানির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আবুধাবিভিত্তিক কোম্পানি মাসদার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।হাসিনা-মাখতুম বৈঠকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুই নেতা তেলসমৃদ্ধ আরব আমিরাতে বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের বিষয়সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে জাহাজ নির্মাণ, গ্যাস উত্তোলন, বিদ্যুৎ উৎপাদনসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আমিরাত সরকার এবং সে দেশের বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশে পদ্মা সেতুর মতো বৃহদাকার অবকাঠামো নির্মাণ প্রকল্পে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা আমিরাতের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণাবিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আল নাহিয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেন।