ফলোআপ জাপান গার্ডেন সিটিতে মর্মান্তিক মৃত্যু
কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বাসিন্দাদের ক্ষোভ
মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে অগ্নি-নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেই। ২৩টি ১৬ তলা ভবন নিয়ে গড়ে ওঠা এক হাজার ৮০৩টি ফ্ল্যাটের এই আবাসস্থলে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের পর বাসিন্দারা এ অভিযোগ করেছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার সব ভবনে কালো পতাকা উড়িয়ে ও কালো ব্যাজ পরে বাসিন্দারা শোক প্রকাশ করেন এবং অগ্নি-নিরাপত্তাব্যবস্থার ত্রুটির প্রতিবাদ করেন। বাসিন্দারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রকল্পের মালিকপক্ষ ফ্ল্যাট গ্রহীতাদের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করেছে। ফ্ল্যাট মালিকেরা দীর্ঘদিন ধরে চুক্তি অনুযায়ী প্রকল্প এলাকায় মসজিদ নির্মাণ, খেলার মাঠ, পার্কসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে এলেও প্রকল্প কর্মকর্তারা তা কানে নেননি। তাঁরা একের পর ভবন তুলে পুরো এলাকা ভরে ফেলেছেন। এখন ভেতরে ঠিকমতো হাঁটাচলাও করা যায় না।রাজধানীর সবচেয়ে বড় আবাসিক কমপ্লেক্স জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের ১১ তলায় একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। এ সময় দুই ভাই রফিকুল ইসলাম ও তারিকুল ইসলাম তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু দরজায় তালা থাকায় তাঁরা সিঁড়িতে আটকা পড়ে শ্বাস রোধ হয়ে মারা যান। তাঁরা স্বজনদের কাছে মুঠোফোনে আকুতি জানিয়েও বাঁচতে পারেননি। এ ঘটনায় মারা যান তারিকুল, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, দুই সন্তান ফাহিম (১৪) ও আয়শা (৬) এবং তাঁর ভাই রফিকুল, তাঁর স্ত্রী রাশিদা ও গৃহপরিচারিকা রেজিয়া (১৪)।প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বজনেরা তাঁদের উদ্ধারের জন্য ছুটে গেলেও নিরাপত্তাকর্মীদের বাধার কারণে তা সম্ভব হয়নি। স্বজনেরা পুলিশ ও দমকলকর্মীদের অনুরোধ করেন তাঁদের লোকজনকে উদ্ধারের জন্য। প্রায় দুই ঘণ্টা পর দমকলকর্মীরা জানান, ভবনের ভেতরে কেউ আটকা পড়েননি। কিন্তু পরে তাঁরাই একে একে সাতটি লাশ উদ্ধার করেন।পারিবারিক সূত্র জানায়, নিহত রফিকুল ইসলাম করোলা করপোরেশনের ব্যবসায়িক অংশীদার। সন্তান না থাকায় ছোট ভাই তারিকুলের দুই সন্তানকে নিজের সন্তানের মতো দেখতেন। তারিকুলও বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। সাত ভাইয়ের মধ্যে রফিকুল সবার বড়। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে।আদালতের অনুমতি নিয়ে গতকাল সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো জাপান গার্ডেন সিটির সামনে একটি ভবনের নিচে আনা হয়। তখন সেখানে হাজার হাজার মানুষ ভিড় করে। ছুটে আসেন নিহত ব্যক্তিদের স্বজনেরাও। এ সময় জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় বাসিন্দাদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের সবাই মারা গেলেও বাসার আসবাব ও অন্য মালামাল অক্ষত রয়েছে।যেভাবে সাতটি লাশ পাওয়া যায়: গৃহকর্ত্রী কানিজ ফাতেমার এক হাতে ছিল শাবল, আরেক হাত দিয়ে বুকে জড়িয়ে রেখেছিলেন ছেলে ফাহিমকে। তারিকুল তাঁর বুকে আগলে রাখার চেষ্টা করেন মেয়ে আয়শাকে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই ভবনের ১৬ তলার সিঁড়িঘরে গিয়ে দমকলকর্মীরা উদ্ধার করেন একই পরিবারের সাতজনের লাশ। দমকলকর্মী সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর তাঁরা ভবনের বিভিন্ন তলায় তল্লাশি শুরু করেন। রাত দেড়টার দিকে তাঁরা ১৬ তলায় সিঁড়িঘরে গিয়ে একসঙ্গে জড়াজড়ি করে থাকা সাতটি লাশ দেখতে পান। সবাই একে অপরকে জড়িয়ে ছিলেন। দেয়ালে শরীরের পেছনের অংশ লেগে থাকায় তাঁদের আলাদা করতে বেশ বেগ পেতে হয়। তাঁদের টেনে আলাদা করতে গিয়ে দুজনের শরীরের পেছনের অংশ (পিঠ) থেকে চামড়া দেয়ালের সঙ্গে থেকে যায়।নিহত ব্যক্তিদের ভাই সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ছোট ভাই তারিকুলের ছেলে ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।যেখানে আগুন লাগে: ৬ নম্বর ভবনের ১১ তলার একটি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর আলম। এক বছর ধরে তিনি তাঁর ফ্ল্যাটটিতে সেগুনকাঠ দিয়ে সাজসজ্জার কাজ করছেন। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মিস্ত্রি কাজ করত। প্রতিবেশী ও দমকলকর্মীদের ধারণা, মিস্ত্রিদের সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশের বক্তব্য: আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দমকলকর্মীরা দ্রুত এসে পৌঁছালেও অপ্রশস্ত রাস্তার করণে গাড়ি ঢুকতে অনেক সময় নেয়। তাঁরা ঘটনাস্থলে যাওয়ার ৪৫ মিনিট পর কাজ শুরু করেন। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের ভাই শহীদুল ইসলাম আদাবর থানায় একটি মামলা করেন।ফ্ল্যাট মালিকদের অভিযোগ: জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি এম শাহজাহান আলী অভিযোগ করেন, অব্যবস্থাপনার মধ্যে জাপান গার্ডেন সিটির বাসিন্দারা বসবাস করে আসছেন। এখানে নেই কোনো নাগরিক-সুবিধা। অগ্নিনির্বাপণের কাজে ব্যবহার করা কিছু সরঞ্জাম ভবনের ভেতর সাজিয়ে রাখা হয়েছে। এখানে ব্যাঙের ছাতার মতো ভবন তৈরি করা হয়েছে। মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করা হচ্ছে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জাপান গার্ডেন সিটি প্রকল্পের পরিচালক আসাদুজ্জামান জামিল প্রথম আলোকে বলেন, কিছু লোক নানা অজুহাতে দীর্ঘদিন ধরে প্রকল্প এলাকার পরিবেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিল। একটা দুর্ঘটনার সুযোগ নিয়ে তারা মিথ্যা কল্পকথা প্রচার করছে। ওই চক্রের সদস্যরা কোথায় পানি আছে, তাও জানাতে দেয়নি দমকলকর্মীদের। রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেন।গার্ডেন সিটির নিজস্ব নিরাপত্তারক্ষী আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ১২টার দিকে ভবনের ১১ তলার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন ১১ তলা থেকে ১৩ তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিপদ সংকেত বাজানো হয়।জানাজা ও দাফন: গার্ডেন সিটির ভেতরের মসজিদে গতকাল বাদ জুমা রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী রাশিদা ইসলাম, ছোট ভাই তারিকুল ইসলাম, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, তাঁদের ছেলে ফাহিম, মেয়ে আয়শার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। গৃহকর্মী রেজিয়ার লাশ তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে পাঠানো হয়েছে।