কার্যকর সংসদই কাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সাল শুরু হয়েছিল নির্বাচন-পরবর্তী সরকার গঠনের মধ্য দিয়ে, যে সরকারে মানুষ অনেক নতুন মুখ দেখেছে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছিল, একটি কার্যকর সরকার এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের। এ সরকার জনগণের সমর্থন পেয়েছিল প্রথমত, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের অপশাসন, দুর্নীতি ও দখলদারি রাজনীতির নগ্ন প্রকাশের প্রচেষ্টার কারণে। দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ সত্ত্বেও দুর্নীতি দমনের নামে কিছু অতি উত্সাহী কাজ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা জনজীবনে দুর্ভোগ টেনে এনেছিল, মানুষ তা থেকে মুক্তি কামনা করেছিল। জনগণ অনির্বাচিত সরকার থেকে নির্বাচিত গণতান্ত্রিক সরকারে উত্তরণ দৃঢ়ভাবে আকাঙ্ক্ষা করেছিল। তারই প্রতিফলন ঘটেছিল নির্বাচনে। আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন এবং প্রায় ৪৩ শতাংশ ভোট সে নির্বাচনে পেয়েছিল। এ থেকে প্রতীয়মান হয় যে জনগণ আওয়ামী লীগকে বিরাট দায়িত্ব অর্পণ করেছিল সুশাসন সৃষ্টির।তবে সম্প্রতি এই দায়িত্বকে ক্ষমতা হিসেবে বিবেচনা করে অনেক স্থানেই সাংসদ ও সহযোগী সংগঠনের নানা ক্রিয়াকলাপ প্রধানমন্ত্রীর ও তাঁর রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলেছে। এ সত্ত্বেও সংসদ কার্যকর হোক এটা সবাই কামনা করে এবং এ ক্ষেত্রে দুটি প্রধান রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে। তারা উভয়েই দায়িত্বের স্বীকৃতি তাদের নির্বাচনী ইশতেহারে অতি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সাধারণ মানুষ দুঃখের সঙ্গে লক্ষ করেছে যে, আসন বণ্টনের মতো একটি অপ্রয়োজনীয় বিষয় ঘিরে বিএনপি যে অনমনীয় অবস্থান নিয়েছে, সেটা গণতন্ত্রকে কোনোভাবেই সংহত হতে দেয় না এবং তারা তাদের নির্বাচনী অঙ্গীকার এখন পর্যন্ত লঙ্ঘন করে এসেছে। যেখানকার মানুষ তাদের ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তাঁরা অবশ্যই আশা করেন যে তাঁদের কথা প্রতিনিধিরা যথার্থভাবে সংসদে তুলে ধরবেন, সেটা হয়নি। অন্যদিকে সংসদীয় আসন বণ্টন বিষয়ে বিধি থেকে থাকলে তার পুনর্বিবেচনার প্রয়োজন আছে কি না, সেটাও স্পিকার মহোদয় সব দলের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ভেবে দেখতে পারতেন। আওয়ামী লীগের পক্ষ থেকে সুযোগ ছিল বিএনপির ধাপ্পাবাজি উদ্ঘাটন করা। সেদিকেও আওয়ামী লীগের কোনো উত্সাহ দেখা যায়নি। বিএনপির সাংসদেরা সংসদের অন্যান্য কাজকর্মে অংশগ্রহণ করলেও সংসদে আসা থেকে বিরত থেকেছেন। এর ফলে অধিবেশনগুলো যথার্থভাবে প্রাণবন্ত হয় না, সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা সময়মতো উপস্থিত হচ্ছেন না। এমনকি মন্ত্রীদের উপস্থিতিও সীমিত বলে মনে হয়। সংবিধানের ৭০ ধারা পরিবর্তন করে দলীয় সাংসদদের ভিন্নমত প্রকাশের সুযোগ করে দিলে হয়তো বা এ সংসদেই বাংলাদেশের নানা অঞ্চলের বিভিন্ন বাস্তবতার কারণে একই দলের অভ্যন্তরে ভিন্ন মতের অবস্থান প্রাণবন্ত সংসদ সৃষ্টিতে সহায়তা করত। এসব বিষয় গণমাধ্যম ও অন্যান্য নাগরিক সংগঠনের সভায় বিভিন্ন সময় আলোচিত হয়েছে। আগামী চার বছরের জন্য সরকার প্রাণবন্ত ক্রিয়াশীল সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টির প্রয়াসে এ বিষয়গুলো বিবেচনা করবে বলে আশা করি। এ দেশের সাধারণ মানুষ প্রাণবন্ত সংসদ চায় এবং সংসদের কার্যদিবস ও কর্মঘণ্টা বৃদ্ধি দেখতে চায়। যেভাবে তারা সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাক এটাও কামনা করে। দায়বদ্ধ সাংসদের কার্যক্রমই এ দেশে গণতান্ত্রিক সংসদ সৃষ্টিতে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে সাংসদদের আত্মসমালোচনা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন তাঁর দলের এবং তাঁর নির্বাচনী এলাকার সচেতন মানুষের সাংসদের কর্ম সম্পর্কে নির্মোহ বিবেচনা।গত এক বছরে আমরা দুর্ঘটনা, স্থানীয় সমস্যা বা আকাঙ্ক্ষা এবং শিল্প-কারখানায় অসন্তোষ ঘিরে ধর্মঘট ও অবরোধ দেখতে পেয়েছি। বর্তমানে যে সহযোগিতাবিহীন প্রধান দুটি দলের সম্পর্ক বিরাজমান, তাতে মনে হয় বিরোধী দল কোনো একটি ইস্যু পেলে রাজপথে নামবে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন প্রতিমুহূর্তে জানান দিয়েছে যে তারাও প্রস্তুত। দেশের জনজীবনকে ভোগান্তি থেকে রক্ষা করতে এবং উত্পাদনকর্ম চালু রাখতে নিয়ন্ত্রণহীন রাজপথের রাজনীতি কাম্য নয়। নানা স্থানিক ও ক্ষণিক ঘটনার মধ্য থেকে অসহিষ্ণু মানুষেরা ধর্মঘট বা অবরোধের অবস্থা সৃষ্টি করতে পারে। খাদ্যের মূল্যবৃদ্ধিও একটি সংবেদনশীল বিষয়। মানুষের প্রতিদিনের খাদ্য সহনীয় মূল্যে এ দেশের ৪০ শতাংশের বেশি হতদরিদ্র মানুষের কাছে না পৌঁছালে তাদের রাস্তায় নামানো খুব কঠিন বিষয় নয়। বেকারত্বও আমাদের মধ্যে বেশি। হতাশাগ্রস্ত যুবকেরা অতি সহজেই আইনশৃঙ্খলা নষ্ট করছে। সাম্প্রতিক কালে দলের সহযোগী সংগঠনের লোকজন অথবা ক্ষমতার ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি মানুষকে হতবিহ্বল করে তুলেছে। এসব কারণে এই অনিশ্চিত জীবনের শিকার মানুষকে ধর্মঘট ও অবরোধে টেনে আনার জন্য একটি স্ফুলিঙ্গ প্রয়োজন হয়। সে কারণে ক্ষসতাসীন মহাজোটকে আরও সংবেদী হওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা নানাভাবে ক্রিয়াশীল নানা রকম সন্ত্রাস অথবা বেআইনি কাজে লিপ্ত মানুষদের ক্ষেত্রে দৃঢ় হস্তে অবস্থান নেওয়া প্রয়োজন। এটা কেবল মুখে বললেই হবে না, এ জাতীয় অবস্থান দৃশ্যগোচর হতে হবে এবং যারা করছে তাদের বুঝিয়ে দিতে হবে যে রাষ্ট্র, জনসাধারণ ও ক্ষমতাসীন মহাজোটের স্বার্থে এ জাতীয় কর্ম থেকে বিরত না থাকলে অবশ্যই শাস্তি গ্রহণ করতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলোকে গণতন্ত্রের স্বার্থে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিচর্যা করতে হবে। তাদের নিজেদের মধ্যেই সংযমের প্রয়োজন আছে এবং রাজনৈতিক বিষয় নিয়ে রাজপথে আসতে হলেও নিয়মতান্ত্রিকতার কোনো খেলাপ থাকা উচিত হবে না। বঞ্চিত শ্রমিকেরা সংগত কারণেই বিভিন্ন সময়ে উত্তেজিত হন, সে কারণে সরকারের যেমন শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করতে হবে, তেমনি মালিকপক্ষকেও শ্রমিকের ন্যায্য স্বার্থরক্ষায় প্রণোদিত করতে হবে। রাস্তাঘাটে যানবাহনের কারণে যেসব দুর্ঘটনায় ছাত্রছাত্রী, শিশু-নারী-বয়স্ক মানুষ এবং সাধারণ লোক আহত বা নিহত হচ্ছে, এ বিষয়ে যথার্থ আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে মানুষের বিশ্বাস নেই। এর থেকেই অনেক ক্ষেত্রে রাস্তায় অবরোধ এবং স্থানিক ধর্মঘট সাম্প্রতিক কালে হয়েছে। এই খাতের মধ্যে যেসব অপশাসনের কীর্তি ঘটে তা নিরসন প্রয়োজন। সাধারণ মানুষের একটা ধৈর্যের সীমা আছে, তার ওপর যখন তারা বিশ্বাস করে ক্ষমতাধরের প্রভাব ও প্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ডের কোনো বিহিত বা বিচার হয় না, তখনই সে যূথবদ্ধভাবে আইনকে নিজের হাতে তুলে নেয়, যা কাম্য নয়। কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে যে ক্ষমতাবলয়ের প্রভাবে গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে, শিক্ষালয়ে-চিকিত্সাকেন্দ্রে এমন ঘটনা ঘটছে না এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে যে, এমন ঘটনা ঘটলে দোষী দ্রুত শাস্তি পায় এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ পায়। অর্থাত্ সুশাসনের নিশ্চয়তাই ধর্মঘট ও অবরোধকে সীমিত করে রাখতে পারে। আমাদের আশা, ২০১০ সালে আমরা জনজীবনের নিরাপত্তা এমন একটি অবস্থানে দেখতে পাব, যাতে সংক্ষুব্ধ মানুষের সংখ্যা এবং তার ভিত্তিমূলের যে ঘটনাগুলো, তা সীমিত হয়ে আসবে। এটি নিশ্চিতকরণে ২০১০ সালে আমরা ক্রিয়াশীল সরকার ও কার্যকর সংসদ দেখতে চাই। ২০১০ সাল আমাদের এই আশা পূরণ করুক! বাংলাদেশের হাজারো মানুষের আকাঙ্ক্ষা পূরণ হোক এবং দুঃখ নিবারণ হোক।