কার্যক্রম কেন স্থগিত করা হবে না জানাতে তিনজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনপুষ্ট সংগঠন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের কার্যক্রম কেন স্থগিত করা হবে না, তা পাঁচ দিনের মধ্যে জানাতে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন নামের আরেকটি শ্রমিক সংগঠনের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার এ নির্দেশ দেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়া অন্য দুজন হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক।বন্দর সূত্রে জানা গেছে, ছয় মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব কর্মচারীদের শ্রমিক সংগঠনের সংখ্যা পাঁচটি থেকে একটিতে নামিয়ে আনার সরকারি গেজেট প্রকাশিত হয় গত বছরের ১২ নভেম্বর। এরপর নিবন্ধন পেতে চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন ২৭ ডিসেম্বর এবং দুই দিন পর ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে আবেদন করে। ইউনিয়নের সদস্যসংখ্যাও পরিষদের চেয়ে ৬৩৬ জন বেশি ছিল। এর পরও ইউনিয়নকে বাদ দিয়ে পরিষদকে নিবন্ধন দেয় চট্টগ্রামের যুগ্ম শ্রমিক পরিচালকের দপ্তর। এটা শ্রম আইনের বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।নিবন্ধন না পেয়ে ইউনিয়নের ক্ষুব্ধ নেতারা পরিষদকে দেওয়া নিবন্ধন বাতিলের আবেদন জানিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম শ্রম আদালতে মামলা করেন। চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালক মোহাম্মদ আসাদুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘আদালতের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি আমি শুনেছি। আদালতের নির্দেশনা বৃহস্পতিবার কার্যালয়ে আসেনি। কাল রোববার পাওয়া যেতে পারে। পেলেই দু-চার দিনের মধ্যে আমরা জবাব দেব।’ইউনিয়নের আইনজীবী মহসিন উদ্দীন আহমদ চৌধুরী বলেন, ‘আমরা প্রথম আবেদন করি এবং সদস্যসংখ্যা বেশি থাকা সত্ত্বেও নিবন্ধন পাইনি। এটা অন্যায়। এ কারণে যাদের দেওয়া হয়েছে তাদের নিবন্ধন বাতিল করে আমাদের দেওয়ার জন্য আবেদন করি। আদালত তাদের পাঁচ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’চট্টগ্রাম বন্দরে কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারীর পাঁচটি সংগঠন ছিল। এর মধ্যে দুটি আওয়ামী লীগ এবং একটি করে বিএনপি, জামায়াত ও কমিউনিস্ট পার্টির সমর্থিত ছিল। শ্রমিক সংগঠনের সংখ্যা একটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত হলে এ পাঁচটি সংগঠন ভাগাভাগি করে দুটি নতুন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।