কার্যতালিকায় এলেও শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে হাইকোর্ট বিভাগের দেওয়া ফতোয়ার নামে নির্যাতন এবং ফতোয়ায় অপব্যবহার বন্ধে রায়ের বিরুদ্ধে করা রায়ের আপিলের শুনানি হয়নি। রায়ের বিরুদ্ধে করা দুটি আপিলের একত্রে শুনানির জন্য নয় বছর পর আপিল বিভাগের কার্যতালিকায় আসে। গত ৫ মে থেকে কার্যতালিকায় ছিল আপিলের শুনানির জন্য। মামলা নম্বর হচ্ছে ৫৯৩-৯৪/০১ (মুফতি মো. তৈয়ব এবং অন্যান্য বনাম বাংলাদেশ)। ৫ মে কার্যতালিকায় ৮ নম্বরে ছিল মামলাটি। পরে ১১ মে আসে ৬ নম্বর তালিকায়। পরের দিন ১২ মে ছিল ৫ নম্বরে। ১৭ মে কার্যতালিকায় ৬ নম্বরে ছিল, ১৮ মে ছিল ৪ নম্বরে। পরের দিন ১৯ মে ছিল ৫ নম্বরে এবং সর্বশেষে ২৪ মে ছিল ৯ নম্বর তালিকায়।জানা যায়, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী এবং আপিলকারী পক্ষের আইনজীবীরা শুনানির জন্য প্রতি কার্যদিবসেই প্রস্তুত ছিলেন। ২৪ মে প্রধান বিচারপতির দৃষ্টিগোচর করা হলে তিনি আদালতে বলেন, যেহেতু ১৩ জুন থেকে আদালতের ছুটি শুরু হচ্ছে, তাই এত অল্প সময় এ মামলার শুনানি শেষ করা সম্ভব নয়। মামলাটি আদালতের ছুটি শেষ হওয়ার পর শুনানি করা হবে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে মামলার আইনজীবী সারা হোসেন আইন অধিকারকে বলেন, মামলাটি এত বছর পর শুনানির জন্য এল। এ রায়ের ওপর ফতোয়ার নামে বিচার-বহির্ভূত শাস্তির ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ সুগম হবে। তিনি জানান, প্রতি শুনানির তারিখেই দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। কিন্তু অল্প দিনে শুনানি করা সম্ভব নয় বলে প্রধান বিচারপতি আদালতের অবকাশের পর শুনানির কথা বলেছেন। তবে শুনানির বিষয়ে এ নিয়ে এখনই কোনো শঙ্কা করছেন না সারা হোসেন। উল্লেখ্য, ২০০০ সালে ডিসেম্বরে নওগাঁর সাইফুল-সাহিদা দম্পতির তালাক ও হিল্লা বিবাহ-সংক্রান্ত ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ রুল জরি করেন। পরবর্তী সময় ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত বেঞ্চটি সব ধরনের ফতোয়ার নামে বেআইনি কাজকে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে মাদ্রাসার শিক্ষা-পদ্ধতির সংস্কারসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১’ পড়াতে বাধ্য করতে বলা হয়। রায়ের পরপরই মুফতি মোহাম্মদ তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ দুটি পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেন। এ বিষয়ে আপিল দায়েরের অনুমতি মেলে। পরবর্তী সময় কয়েক দফায় হাইকোর্টের রায়টি স্থগিত হয়ে যায়। নয় বছর পর মামলা দুটির শুনানি আপিল বিভাগের কার্যতালিকায় এলেও যথাসময়ে শুনানি সম্পন্ন হলো না।