কার্যপ্রণালি বিধি মেনে সংবিধান সংশোধন কমিটি গঠন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের কার্যপ্রণালি বিধি মেনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। কেননা কার্যপ্রণালি বিধি অনুযায়ী কমিটিতে কো-চেয়ারপারসন রাখার কোনো বিধান নেই। গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব অভিযোগ করেন। তিনি আরও বলেন, যেনতেনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে এমন ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহার করতে না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে বিএনপি। আটক নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল বিএনপির গণ-অনশন কর্মসূচি পালনের কথা ছিল।গতকাল বেলা তিনটা থেকে মহানগরের বিভিন্ন এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন। তাঁরা আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে সরকারবিরোধী স্লোগান দেন। নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন বহন করেন। সমাবেশ উপলক্ষে মুক্তাঙ্গন ও এর আশপাশের এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। খোন্দকার দেলোয়ার বলেন, কমিটিতে প্রতিনিধি দেওয়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি বিএনপিকে। বিএনপির চিঠির জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করেনি তারা। সরকারের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনের কোনো কথা না থাকলেও এ নিয়ে এত তাড়াহুড়ো প্রমাণ করে এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য আছে।খোন্দকার দেলোয়ার সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘অতীত ইতিহাস দেখুন। তাহলেই বুঝতে পারবেন বাধা এলেই প্রতিরোধ, এটাই আন্দোলনের ধারা। বিরোধী দলকে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেবেন না।’ তিনি বলেন, দেড় বছরে সরকারের জনপ্রিয়তা আরও কমেছে। এটা বুঝতে পেরেই সরকার বিরোধী দলের ওপর আগ্রাসী হয়ে উঠেছে। পল্টন ময়দানে গণ-অনশনের মতো একটি কর্মসূচিতে বাধা দিয়ে মামুলি অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে। সভার সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, সরকারের উচিত জাতীয় ইস্যুতে কোনো কিছু করার আগে গণভোট নেওয়া। অবশ্য সরকার বুঝে গেছে, তাদের জনপ্রিয়তা আর নেই। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সামছুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।