কার্যপ্রণালি বিধি সংশোধন প্রস্তাব স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে অসংসদীয় শব্দের ব্যবহার বন্ধ করতে কার্যপ্রণালি বিধি সংশোধনের একটি নোটিশ প্রধানমন্ত্রীর আপত্তিতে স্থগিত হয়ে গেছে। গতকাল সোমবার অধিবেশনে নোটিশটি উত্থাপন করেন সরকারি দলের জুনাইদ আহমেদ।স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুনাইদ আহমেদকে নোটিশটি উত্থাপনের অনুমতি দিলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, কার্যপ্রণালি বিধি যদি সংশোধন করতে হয়, এভাবে হয় কি না জানি না। একজন সংসদ সদস্য এভাবে নোটিশ দিতে পারেন কি না? আমার অবাক লাগছে। কারণ, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধনের জন্য কোনো নোটিশ উত্থাপনের কোনো নজির নেই।’স্পিকার প্রধানমন্ত্রীকে বলেন, নোটিশটি উত্থাপনের পর তা কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটিতে পাঠানো হবে। জুনাইদ তাঁর নোটিশে সংসদের কার্যপ্রণালি বিধির ১৫ ও ২৭০ ধারা সংশোধনের প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী বলেন, কার্যপ্রণালি বিধি সংশোধন করতে হলে স্পিকারের সঙ্গে কথা বলে এটা করা যেতে পারে। এ জন্য একটি কমিটি আছে। এ পর্যায়ে স্পিকার প্রধানমন্ত্রীকে বলেন, সংসদ সদস্য একটি নোটিশ দিয়েছেন। এটা কমিটিতে পাঠানো যায়। জবাবে সংসদ নেতা বলেন, এমন নজির অতীতে নেই। সবশেষে স্পিকার বলেন, ‘তাহলে, আমরা এটা স্থগিত রাখছি।’তখন শেখ হাসিনা বলেন, মাননীয় স্পিকার, আপনি উদ্যোগ নেবেন। তারপর আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।কার্যপ্রণালি বিধিতে আছে, ‘স্পিকারের বিবেচনামতে কোনো সদস্য গুরুতর বিশৃঙ্খল আচরণ করিলে স্পিকার তাঁকে অবিলম্বে সংসদ হতে চলে যেতে আদেশ দিতে পারবেন এবং আদিষ্ট হওয়া মাত্র সংশ্লিষ্ট সদস্য সংসদ হতে চলে যাবেন এবং সেই দিনের বৈঠকে স্পিকার কর্তৃক নির্ধারিত সময়ের জন্য অনুপস্থিত থাকবেন।’ জুনাইদ আহমেদের প্রস্তাবে বলা হয়েছে, কোনো সদস্য তাঁর বক্তব্যে কোনো অসংসদীয়, এক্সপাঞ্জযোগ্য অথবা অশ্লীল শব্দ পরপর তিনবার ব্যবহার করলে স্পিকার তাঁকে সংসদ ত্যাগের নির্দেশ দিতে পারবেন।২৭০ বিধির ৮-উপবিধি সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ‘কোনো সংসদ সদস্য আক্রমণাত্মক, দেশদ্রোহমূলক, রাষ্ট্রবিরোধী, মানহানিকর বা অশ্লীল শব্দ ব্যবহার করলে স্পিকারের বিবেচনামতে এক্সপাঞ্জযোগ্য প্রতিটি শব্দের জন্য অনধিক ৩০ হাজার টাকা সংশ্লিষ্ট সদস্যের মাসিক পারিতোষিক ভাতা হইতে কর্তনযোগ্য হবে।’এর আগে গত ২৪ জুন একজন সাংসদ ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংসদকে ৩০ হাজার টাকা করে জরিমানা করার প্রস্তাব দেন। তখন সংসদ নেতা শেখ হাসিনাসহ অন্য সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন দেন।বিএনপি-জামায়াত যোগ দেয়নিজাতীয় সংসদের গতকাল সোমবারের অধিবেশনে বিএনপি ও জামায়াতের সাংসদেরা যোগ দেননি। যোগ না দেওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে দল দুটির পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে জামায়াতের ইসলামী গতকাল হরতাল পালন করে। বিএনপির এই হঠাৎ অনুপস্থিতির সমালোচনা করেন আওয়ামী লীগের মিত্র জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল। পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তার মধ্যে শ্রেষ্ঠ পাপীর আজ বিচার হচ্ছে। সেই পাপীকে বাঁচাতে তার অনুসারীরা হরতাল ডেকেছে। কিন্তু যারা সংসদে গণতন্ত্রের কথা বলে, সেই বিএনপি আজ সংসদে অনুপস্থিত।মঈন উদ্দীন খান বলেন, ‘একাত্তরে বেগম জিয়ার বন্দিত্ব, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়ার সম্পৃক্ততা, শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা, গোলাম আযমকে নাগরিকত্ব দেওয়া, জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া—এসব এক সূত্রে গাঁথা। তবে বাংলাদেশকে জাহান্নাম বানাতে দেওয়া হবে না। মরে যেতে পারি, তবু পরাজয়ের সুযোগ নেই।’ ১৩৯টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা ২০১২ সালে হজে অনিয়মের কারণে ১৩৯টি এজেন্সিকে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সংসদে নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দুপুর সোয়া ১২টার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি প্রতিষ্ঠানকে জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানবপাচার রোধ আইনে ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা, ৫১টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, ৩৫টি এজেন্সিকে তিন লাখ টাকা এবং সাতটি এজেন্সিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।