মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ২২ ধারা অনুযায়ী এই কার্যবিধি চূড়ান্ত করা হয়েছে
কার্যবিধি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল
একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার কার্যবিধি তৈরি ও প্রকাশ করেছে। মানবাধিকার, আন্তর্জাতিক মান ও রীতি বিবেচনায় রেখে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যবিধি করা হয়েছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ২২ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল তার নিজস্ব এই কার্যবিধি চূড়ান্ত করেছে। কার্যবিধির এ গেজেট প্রকাশিত হয়েছে ১৫ জুলাই। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম গতকাল রোববার এসব তথ্য জানান।জানা যায়, তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় গত ২৫ মার্চ। এর পরই ট্রাইব্যুনাল নিজস্ব কার্যবিধি প্রণয়নে উদ্যোগী হয়। ১৫ জুলাই কার্যবিধি প্রকাশিত হলেও এর কার্যকরতা দেওয়া হয়েছে ২৫ মার্চ থেকেই।পুরোনো হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ ব্রিফিংয়ে শাহিনুর ইসলাম বলেন, মূল আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিধি প্রণীত হয়েছে। মূল আইনে যেসব বিষয়ের কার্যপদ্ধতি সম্পর্কে স্পষ্টতা নেই, সুষ্ঠু ও কার্যকর বিচারের স্বার্থে বিধি প্রণয়নের মাধ্যমে সে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে। এ বিধি পূর্ণাঙ্গ নয়। ভবিষ্যতে কার্যকর ও সুষ্ঠু বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে এ বিধিমালা সংশোধন, পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করতে পারবে। তিনি বলেন, ট্রাইব্যুনাল এখন বিচারকার্য পরিচালনার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনাল কক্ষও মোটামুটি প্রস্তুত। বিচারকক্ষে সর্বোচ্চ ১১০ জনের আসনব্যবস্থা রাখা সম্ভব। আদালতকক্ষে প্রবেশের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের রেজিস্ট্রার কার্যালয় থেকে নির্ধারিত পাস তথা প্রবেশ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। বাংলা ভাষায়ও বিধিমালা প্রস্তুত করছে ট্রাইব্যুনাল। এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে।কার্যবিধি পর্যালোচনা করে দেখা যায়, ট্রাইব্যুনাল কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় পরীক্ষা করবে। এর মধ্যে রয়েছে আনুষ্ঠানিক অভিযোগপত্র, তদন্ত প্রতিবেদন ও এর সমর্থনে দলিলপত্র, সাক্ষ্য ইত্যাদি। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে ট্রাইব্যুনাল মামলা খারিজ করে দেবে। আমলে নেওয়ার পরই ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করতে পারবে। তবে আমলে না নেওয়া মামলা তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতিসাপেক্ষে যেকোনো বিদেশি আইনজীবী উভয়পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। আসামিপক্ষ আইনজীবী দিতে অসমর্থ হলে ট্রাইব্যুনালই আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে। তবে সুষ্ঠু বিচারের জন্য এক বা একাধিক অ্যামিকাস কিউরি নিতে পারবেন আদালত। তদন্ত সংস্থাই কেবল তদন্ত কাজ করবে। তদন্ত কর্মকর্তা তদন্ত শুরুর পর যদি মনে করেন, অভিযোগের পর্যাপ্ত ভিত্তি নেই, তাহলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির সম্মতিক্রমে তদন্তকাজ বন্ধ করবেন। তদন্তের যেকোনো পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মাধ্যমে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করতে পারবেন। অভিযুক্ত ব্যক্তি যে এলাকায় বসবাস করবেন, সে এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবেন। কার্যবিধিতে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মুহূর্তে অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। কোনো অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে অসহযোগিতা করলে বিচারিক হাকিম তাঁকে ছয় মাসের কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারবেন। অভিযোগ প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। আইন অনুসারে উল্লিখিত মানবতাবিরোধী সব অপরাধ আমলযোগ্য, অজামিনযোগ্য ও আপসযোগ্য নয়।হাইকোর্টে রিট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বিচারপতির কাজের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে গত রোববার রিট করা হয়েছে। গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হয়।রিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ও সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরের দায়িত্ব পালনের এখতিয়ার চ্যালেঞ্জ করা হয়েছে। কোন কর্তৃত্ববলে তাঁরা দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে রুল জারির আরজিও জানানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী আবেদনকারী হয়ে রিটটি করেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল শুনানিতে বলেন, হাইকোর্টের দুজন বিচারপতিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হাইকোর্টেরও বিচারপতি। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের দুটি বিভাগ হচ্ছে আপিল ও হাইকোর্ট বিভাগ। সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাইকোর্ট বিভাগ কর্তৃত্ব করবেন। কিন্তু হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য করা হয়। তাঁদের কার্যক্রম এখতিয়ার-বহির্ভূত।আইনজীবী রাজ্জাক বলেন, এ ধরনের নিয়োগ সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন। রাষ্ট্রপতির নির্দেশে আইনসচিব তাঁদের নিয়োগ দেন। কিন্তু সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ ও এ সংক্রান্ত সব এখতিয়ার রাষ্ট্রপতির। এ নিয়োগ ও দায়িত্ব পালন সংবিধানের মূল কাঠামো পরিপন্থী।সরকারপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর সময়ের আবেদন জানালে আদালত ২৬ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান উপস্থিত ছিলেন।