প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচ্ছন্নতা
কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া তদন্তে কমিটি করার নির্দেশ
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা (ক্লিনিং) ও গৃহ রক্ষণাবেক্ষণের (হাউসকিপিং) কার্যাদেশ বেসরকারি সংস্থাকে দেওয়া কেন অবৈধ হবে না—তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া তদন্ত করতে কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ১০ ফেব্রুয়ারি রুলের শুনানির দিন ধার্য করেন।গতকাল রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে ট্রেডার্সের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ছাড়া নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কার্যাদেশ দেওয়ার বিষয়টি তদন্ত ও অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। তাঁকে সহায়তা করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বেসরকারি সংস্থাকে নিয়োগ দেওয়ার আগে এসএসএফ থেকে ছাড়পত্র নেওয়ার কথা উল্লেখ ছিল। গণপূর্ত বিভাগের শর্তাবলিতে আগে বিষয়টি উল্লেখ ছিল। কিন্তু ২০০৯-১০ অর্থবছরে নিরাপত্তার এ শর্তটি বাদ দেওয়া হয়। গত বছরের ৮ অক্টোবর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১৭ জানুয়ারি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল প্রস্তুতির জন্য সরকারের সংশ্লিষ্ট কার্যালয়ে চিঠি দেওয়া হয়। বিষয়টি জেনে এর আগে এ কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এ কে ট্রেডার্স ২১ জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করে। এরপর ২৪ জানুয়ারি পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজসংক্রান্ত কার্যাদেশ চূড়ান্ত করা হয়।রিটে বলা হয়, ১৯ বছর ধরে এ কে ট্রেডার্স পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজ করছে। কিন্তু ২৪ জানুয়ারি অজ্ঞাতনামা দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। আপিল নিষ্পত্তির আগে এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কার্যাদেশ দেওয়াকে রিটে চ্যালেঞ্জ করা হয়। গত ২৬ জানুয়ারি এ কে ট্রেডার্স ওই রিট করে।আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, এসএসএফের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কার্যাদেশ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।