কার্যাদেশের আড়াই মাস পরও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-বিলোনিয়া স্থলবন্দর সড়কের ছোট-বড় অসংখ্য খানাখন্দের কারণে বর্তমানে যানবাহন চলাচল কষ্টকর হয়ে পড়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে এ সড়কটি মেরামতের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ কোটি ১৭ লাখ টাকার দরপত্রের কার্যাদেশ দেওয়ার আড়াই মাস পরও কাজ শুরু হয়নি।এতে জনদুর্ভোগ ছাড়াও বিলোনিয়া স্থলবন্দরে ঠিকমতো মালামাল পরিবহন করা যাচ্ছে না। ফেনী সওজ বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ২৬ জানুয়ারি ফেনী-বিলোনিয়া সড়কের ২৬ কিলোমিটার সড়ক মেরামতের জন্য সড়ক বিভাগ দরপত্র আহ্বান করে। ১১ কোটি ১৭ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে আরপি-আরএবি (জেবি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয় এবং গত ৩১ জুলাই ওই ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। সড়কটি সংস্কার ও মেরামত শেষে উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে বিটুমিনের প্রলেপ দেওয়া হবে। কিন্তু ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। সরেজমিনে দেখা গেছে, ফেনী থেকে পরশুরাম পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। একটু বৃষ্টিতে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অপরদিকে পরশুরাম থেকে বিলোনিয়া পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খুবই সরু এবং একই সঙ্গে খানাখন্দে ভরা।পরশুরাম বাজারের ব্যবসায়ী আবু তালেব বলছিলেন, ফেনী থেকে মালামাল নিয়ে ট্রাক বা পিকআপ পরশুরাম যেতে চায় না। সড়কে খানাখন্দের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়, আগের চেয়ে সময় বেশি লাগে। ফলে বেশি ভাড়া দিয়ে মালামাল নিতে হয়।একজন সরকারি কর্মচারী, যিনি পরশুরাম থেকে নিয়মিত ফেনীতে অফিস করেন, তিনি বলেন, দুই মাস আগেও পরশুরাম থেকে ফেনী যেতে ভাড়া ছিল ২০ টাকা, এখন সে ভাড়া ২৫ টাকা করা হয়েছে।ফেনী-বিলোনিয়া সড়কের কাজে নিয়োজিত ঠিকাদার ফখরুল আমিন প্রথম আলোকে বলেন, কার্যাদেশ পাওয়ার পর থেকে ইতিমধ্যে বেশকিছু যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করা হয়েছে। উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে কাজ করতে হলে প্রচুর যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হয়। সহসাই কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ফেনী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বড় গর্তগুলো ভরাট ও সংস্কার করা হবে। ঈদের পর পুরোদমে কাজ শুরু হবে। বর্ষায় এ ধরনের কাজ ভালো হয় না। সড়কটি মেরামত করা হলে বিলোনিয়া স্থলবন্দরে ৫০ মেট্রিক টন ওজনের কাভার্ড ভ্যানগুলো চলাচল করতেও সমস্যা হবে না। তবে পরশুরাম থেকে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত সড়কের সরু অংশটি প্রশস্তকরণ ও উন্নয়ন এখনই হবে না। কারণ, বর্তমান কাজটি শুধু সংস্কার-মেরামত করার জন্য।