কার্লোস তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: কার্লোস আলবার্তো তেভেজডাকনাম: কার্লিটো, অ্যাপাচি, স্পটি জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৮৪, বুয়েনস এইরেসউচ্চতা: ১৬৯ সেন্টিমিটারওজন: ৭৪ কেজিপজিশন: ফরোয়ার্ডপ্রিয় ও অন্যান্যঅন্য প্রিয় খেলা: গলফপ্রিয় ফুটবলার: লিওনেল মেসিঅন্য খেলার তারকা: রজার ফেদেরার, টাইগার উডসপ্রিয় ক্লাব: বোকা জুনিয়র্স কৈশোরের আদর্শ: হুয়ান রোমান রিকলমেমুহূর্ত: অলিম্পিক ফুটবলে সোনা জয়কঠিন প্রতিপক্ষ: নেমানিয়া ভিদিচ (ম্যানইউ ডিফেন্ডার)এল অ্যাপাচি। কার্লোস তেভেজের বেশকটি ডাকনামের একটি। এই নামের পেছনে কোনো গল্প-টল্প নেই। সিউডাডেলায় জন্ম নেওয়া তেভেজ বড় হয়ে উঠেছেন ফুয়ের্তে অ্যাপাচিতে, যা থেকেই তাঁর এই ডাকনাম। অ্যাপাচির বেশির ভাগ মানুষ নিম্নবিত্ত। নুন আনতে পান্তা ফুরোয়। তেভেজের বাবা ছিলেন রাজমিস্ত্রি। বছরের যে সময়টা কাজ থাকত না, টানাটানি বাড়ত সংসারে। তবে সেটা ভাইবোনদের মধ্যে অশান্তির কোনো কারণ হতো না। তেভেজ স্মৃতিচারণা করছেন, ‘বাবা কাজ না পেলে কখনো কখনো এক বেলা খেয়েই দিন পার করতে হয়েছে আমাদের। তবে বাবা-মায়ের ভালোবাসার কখনো কমতি ছিল না। আর এটাই বড় কোনো সমস্যার কারণ হতে দেয়নি।’ অতীতের দিকে তাকিয়ে শক্তি পান তেভেজ, পান লড়াইয়ের প্রেরণাও। পাওয়ারই কথা। কারণ অ্যাপাচির দারিদ্র্যপীড়িত পরিবারের ছেলেরা উঠতি বয়সে মাদক নিতে শেখে, জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে। কিন্তু পারিবারিক বন্ধনটাই সেসব থেকে তেভেজকে সুরক্ষা দিয়েছে।ফুটবলের প্রতি ছিল প্রগাঢ় ভালোবাসা। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে উঠে আসতে এটাও বড় ভূমিকা রেখেছে। সময় নেই, অসময় নেই, সঙ্গী পেলেই শুরু হয়ে যেত ফুটবল খেলা। কখনো রাস্তায়, কখনো বা সৈকতে। এভাবে খেলতে খেলতেই অল বয়েজ ক্লাবের নজরে পড়া। সেখান থেকে বোকা জুনিয়র্সে। এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক। পরে ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন খেলছেন ম্যানচেস্টার সিটিতে। তবে বোকা জুনিয়র্স এখনো টানে তাঁকে। সময়-সুযোগ হলে এখনো টিভিতে খেলা দেখেন পুরোনো ক্লাবের। বোকার প্রতি এই টান হয়তো একটা কৃতজ্ঞতা বোধ থেকেই। তাঁর আজকের অবস্থানে উঠে আসা তো বোকার কারণেই! তেভেজের গলায় একটা দাগ খেয়াল করেছেন নিশ্চয়। সেটি দুর্ঘটনার পোড়াস্মৃতি। তার খুব ছোট্ট বয়সে ঘটেছিল দুর্ঘটনা। মা রান্নাঘরে চা উঠিয়েছিলেন কেটলিতে। সেই কেটলি উল্টে গিয়েছিল তাঁর ওপর। শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছিল। চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে হয়েছিল দুই মাস। পরে সুস্থ হয়ে উঠলেও সেই দাগ আর যায়নি। বোকায় যোগ দেওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ তাঁকে কসমেটিক সার্জারির প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাব ফিরিয়ে দেন তেভেজ। কী বলেছিলেন জানেন? এই পোড়া দাগ একজনের অতীতের যে বাস করে বর্তমানে। ব্যক্তিজীবনে তেভেজ দুই সন্তানের জনক। দুই মেয়ে ফ্লোরেন্সিয়া ও কাতিয়াকে ভীষণ ভালোবাসেন। তাদের ছেড়ে যখন অন্য কোথাও যেতে হয়, সঙ্গে নিয়ে যান ছবি। গলফ খেলা একসময় ছিল শখের মতো। এখন গলফের জায়গাটা নিয়েছে গিটার। ভাই ডিয়েগোর সঙ্গে গড়ে তুলেছেন ব্যান্ড দল পিওলা ভাগো। ফুটবলার তেভেজ সেখানে গায়কও।দারিদ্র্য থেকে মুক্তি, পেশাদার ফুটবলার হওয়া—শৈশবের এমন অনেক স্বপ্নই হয়তো পূরণ হয়েছে তেভেজের। তবে কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। ২০০৪ অলিম্পিকে আর্জেন্টিনাকে ফুটবলের সোনা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তেভেজ। ৮ গোল করে জিতে নিয়েছিলেন সোনার বুটও। তখন থেকে তাঁকে নিয়ে যে উচ্চাশা ছিল আর্জেন্টাইনদের, দুই বছর পর জার্মানির বিশ্বকাপে সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সামনে আরেকটি বিশ্বকাপ। জেব্রা, জঙ্গল আর জিরাফের দেশ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে তাঁকে আর্জেন্টিনা দলে দেখার আশা করছেন ভক্তরা। তেভেজ কি পারবেন বিশ্বকাপ জিতে দারিদ্র্য থেকে শুরু হওয়া দৌড়কে স্বপ্নের দিগন্তে পৌঁছে দিতে? রাজর্ষি