ডাকনাম: দ্য ওয়াল, লায়নস হার্ট, স্যার চার্লসজন্ম: ১৩ এপ্রিল, ১৯৭৮ (লা পবলা ডি সেগুর, স্পেন)উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চিক্লাব: বার্সেলোনাপরিবার: মা রোজা ও ভাই জোসেপ হাভিয়ের, বাবা জোসেপ পুয়োল মারা গেছেন ২০০৬ সালেপ্রিয় ও অন্যান্যগান: মেটাল মিউজিকব্যান্ড: ইংল্যান্ডের নাপাম ডেথপোশাক: জিন্স, টি-শার্টখাবার: এস্কালিভাডা (কাতালান সালাদ) টাম্বেট (কাতালনিয়ার ঐতিহ্যবাহী সবজিজাতীয় খাবার), হেক (মাছ)রং: কালোশখ: বই পড়া, গান শোনাবেড়ানো: অবসর বাড়িতে কাটাতেই ভালো লাগে, সমুদ্রে ঘুরতেও ভালো লাগে ‘হাল ছেড়ো না বন্ধু, বরং...’ কার্লোস পুয়োল হাল ছাড়ার মানুষ নন, বরং ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার মতো সাহসী এক যোদ্ধা। গড়ন-গঠন আর মানসিক শক্তি, সব মিলিয়ে ‘স্প্যানিশ ম্যাটাডোর’ শব্দযুগল পুয়োলের সঙ্গে খুবই যায়। ষাঁড়ের লড়াই কখনো করেননি, এই খেলাটা খুব যে পছন্দ করেন তাও নয়। তবে একটা লড়াই তাঁকে খুব করতে হয়েছে ছোটবেলায়। ফুটবলার হওয়ার লড়াই। ঘুমে কি জাগরণে; স্বপ্ন দেখতেন ফুটবলার হবেন। বার্সেলোনার জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে একজন, মাথায় ঝাঁকড়া চুল—এই স্বপ্নটা আচ্ছন্ন করে রাখত ছোট্ট পুয়োলকে। স্বপ্ন আজ সত্যি হয়েছে। সেদিনের সেই ছোট্ট ছেলেটি বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েছেন। দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। বার্সেলোনার অধিনায়কত্বের বাহুবন্ধনীটাও এখন শোভা পাচ্ছে তাঁর বাহুতে। স্বপ্ন দেখেছেন, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবেন। তাঁর হাতে উঠবে ট্রফি, চ্যাম্পিয়নস লিগ ট্রফির স্বর্ণচ্ছটা কোনো রাতের মায়াবী আলোর সঙ্গে আরও মায়াবী হয়ে ছিটকে পড়বে তাঁর চোখেমুখে। এই স্বপ্নটাও পূরণ হয়েছে।কিন্তু স্বপ্নপূরণের পথের শুরুটা মোটেই সমতল ছিল না। ছোট্ট বেলাতেই পেরিয়ে আসতে হয়েছে বন্ধুর পথ। ছোট বুকে বড় স্বপ্ন নিয়ে ১৫ বছর বয়সে জন্মভূমি লা পবলা ডি সেগুরের ক্লাব পবলা ডি সেগুরে। খেললে খেলতে হবে গোলরক্ষক পজিশনে। রাজি হয়ে যান পুয়োল। ইকার ক্যাসিয়াসের ভাগ্য ভালো! কাঁধের চোট পুয়োলকে গোলরক্ষক হতে দেয়নি। চোট সেরে আবার যখন ফুটবলে ফেরেন, হয়ে যান স্ট্রাইকার। তবে রাউল-তোরেস-ভিয়ারাও বেঁচে যান! ভাগ্যিস, স্পেন দলে ওই পজিশনটায় তাঁদের আরেকজন প্রতিদ্বন্দ্বী বাড়েনি। ওই পজিশনেও ম্যাটাডোর পুয়োল থিতু হতে পারেননি। পুয়োলের বাবা-মা হতাশ হয়ে পড়েন। ছেলেকে পরামর্শ দেন—ফুটবল-টুটবল ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে। কিন্তু পুয়োল দমার পাত্র নন! একজন ম্যাটাডোরের কি এত সহজে দমে গেলে চলে? ছেলের আগ্রহ আর হার না মানা মানসিকতা দেখে বাবা জোসেফ পুয়োল নিয়ে যান বার্সেলোনার খেলোয়াড় তৈরির কারখানা ‘লা মাসিয়া’য়। যেন আলোর দেখা পান পুয়োল। তবে বার্সেলোনার ‘বি’ দলে খেলতে শুরু করার পর আরেকটা পরিবর্তন মেনে নিতে হয় তাঁকে। এবার স্ট্রাইকার থেকে হয়ে যেতে হয় ডিফেন্ডার, রাইট ব্যাক। পরিবর্তন হয় আবারও, যখন তিনি বার্সেলোনার মূল দলে খেলতে শুরু করেন রাইট ব্যাক থেকে হয়ে যান সেন্ট্রাল ডিফেন্ডার। এই পজিশনেই থিতু হয়েছেন পুয়োল। এখন তো অনেকের মতেই তিনি ইউরোপের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। বার্সেলোনার প্রধান ডাক্তারের মতে পুয়োল দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। অসীম সাহসের জন্য বার্সা সমর্থকদের একাংশের কাছে তিনি ‘লায়নস হার্ট’। কেউ কেউ বলেন—দ্য ওয়াল। পুয়োল-সতীর্থদের কথা—দল চার গোলে পিছিয়ে থাকলেও পুয়োল কখনো জয়ের আশা ছাড়ে না।বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গলের কাছে পুয়োল একটা ‘ত্যাড়া ছেলে’। কারণটা কী জানেন? পুয়োলের ঝাঁকড়া চুল কাটতে বলেছিলেন ফন গল। কিন্তু পুয়োল চুল কাটাননি। ফন গল তো একবার তাঁকে ডেকে নিয়ে বলেছেন, ‘তোমার সমস্যাটা কী? চুল কাটানোর টাকা নেই?’ পুয়োল এর কোনো উত্তর দেননি, চুলও কাটাননি। কাটাননি দুটি কারণে। নিজেকে এত বদলেছেন যে আর কোনো পরিবর্তন নিজের মধ্যে আনতে চাননি। সেটা হোক পজিশন বা চেহারাগত! আর চুল কেটে ফেললে তো, ছোট্টবেলায় দেখা স্বপ্নটাও একটু অন্য রকম হয়ে যায়। পুয়োল যে স্বপ্ন দেখেছিলেন ঝাঁকড়া চুলের ফুটবলার হবেন!বলতে গেলে ফুটবলে প্রায় সবকিছুই পাওয়া হয়ে গেছে পুয়োলের। ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতেছেন। স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ। তবু একটি স্বপ্ন আছে বার্সেলোনা অধিনায়কের—আর কোনো পরিবর্তন নয়, খেলোয়াড়ি জীবনটা যেন বার্সেলোনাতেই শেষ হয়।