কাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যাত্রা শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ভবন চত্বরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।প্রায় ছয় বছর বন্ধ থাকার পর শেষ হয়েছে ইনস্টিটিউটের ভবন নির্মাণের কাজ। বিশ্বের সব মাতৃভাষা নিয়ে গবেষণা এবং সেই সঙ্গে সেগুলোর উন্নয়ন, সংরক্ষণ ও বিলুপ্তি থেকে রক্ষা করতে ২০০১ সালে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর পল্টনের উত্সব সমাবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ১.০৩ একর জমির ওপর এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৩ সালের ১ এপ্রিল ভবনের নির্মাণকাজ শুরু হলেও বিএনপি-জামায়াত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় সংকীর্ণতার কারণে ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ছয় বছর নির্মাণকাজ বন্ধ থাকার পর প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করে কাজ শুরু করা হয়।শিক্ষামন্ত্রী বলেন, কাজ বন্ধ থাকায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে যায়। ১২ তলা ভিত্তির ওপর পাঁচ তলা ভবন নির্মাণে সাড়ে ১৯ কোটি টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও বর্তমানে সেখানে তিন তলা তৈরি করতেই সাড়ে ১৭ কোটি টাকা লেগেছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ চলছে বলে তিনি সাংবাদিকদের জানান। শিক্ষামন্ত্রী আরও জানান, এ ইনস্টিটিউটের জন্য শিগগিরই একটি পৃথক আইন করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, পরিকল্পনা প্রধান নুরুল হক মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবদুল মান্নান প্রমুখ।