কাল আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবে বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাল শুক্রবার পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, হরতালে পুলিশের হামলা, মামলায় সারা দেশে তাঁদের ৬৭৫ জনের মতো নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া সাড়ে ৫০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজন নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীর সংখ্যা তিনি উল্লেখ করেননি।ব্রিফিং চলাকালে মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষ থেকে বিএনপির নেতা-কর্মীদের মামলা না নেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনা থেকেই বোঝা যায়, সবকিছু সরকারের নির্দেশেই হয়েছে।বিএনপির নেতা ফখরুল আরও বলেন, দলের নেতা-কর্মীদের ওপর যেভাবে হামলা, মামলা চালানো হচ্ছে, তাতে করে গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে।ব্রিফিংয়ে গতকাল বুধবার জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনার ভিডিও চিত্র দেখানো হয়।