কাল আলোচনায় বসছেন ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ দুই দেশের ভেঙে পড়া কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে কাল মঙ্গলবার দ্বিপক্ষীয় আলোচনায় বসছেন। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ সোমবার এ তথ্য জানিয়েছে।গত শনিবার সান্তোস আনুষ্ঠানিকভাবে কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর শাভেজ তাঁকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। এর আগে শাভেজ কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গ্রুপ ফার্ককে তাদের হাতে আটক বেসামরিক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট সান্তোসও ফার্কের সঙ্গে শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এর আগে ফার্কের উচিত হবে আটক বেসামরিক ব্যক্তিদের ছেড়ে দেওয়া। ফার্ক গত সপ্তাহে ৪৬ বছরের রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান চেয়ে বিবৃতি দিয়েছে। কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক সমস্যার মূল কারণ এই বামপন্থী ফার্ক বিদ্রোহীরা।