কাল ৫ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন, যা গতবারের চেয়ে ৪৩ হাজার ৬৮ জন বেশি। গতবার পরীক্ষার্থী ছিল সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান। পরীক্ষা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৩১ মে।সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসি ছয় লাখ ২৯ হাজার ৬১৯ জন, আলিম ৭৬ হাজার ৯৫৭, এইচএসসি বিএম ৬৮ হাজার ৯৬১ এবং ডিআইবিএস পরীক্ষার্থী তিন হাজার ৯০৪ জন।এইচএসসিতে আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী সবচেয়ে বেশি, দুই লাখ নয় হাজার ১১৭ জন। রাজশাহী বোর্ডে ৭৯ হাজার ১৩৫, কুমিল্লায় ৬৩ হাজার ৩৯, যশোরে ৮৭ হাজার ৮৪০, চট্টগ্রামে ৪৮ হাজার ৭৫, বরিশালে ৩৬ হাজার ৩৪২, সিলেটে (সবচেয়ে কম) ৩০ হাজার ৯৬৫ এবং দিনাজপুর বোর্ডে ৭৫ হাজার ১০৬ জন পরীক্ষা দিচ্ছে।এইচএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা তিন লাখ ৩০ হাজার ১২ এবং ছাত্রীর সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ৬০৭ জন। আলিমে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ এবং ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ৯৮৪ জন। এইচএসসি বিএমে ছাত্রের সংখ্যা ৪৬ হাজার ৭৭৯ এবং ছাত্রীর সংখ্যা ২২ হাজার ১৮২ জন।১০টি বোর্ডের এই তিন পরীক্ষায় কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭৪টি। মোট সাত হাজার ২৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।প্রসঙ্গত, দুই বছর আগে একাদশ শ্রেণীতে নিবন্ধিত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ২৪২ জন এই পরীক্ষায় অংশ নিচ্ছে না। লিবিয়ার শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা: বিদেশে পাঁচটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৯১ জন। এসব কেন্দ্র হলো সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং লিবিয়ার ত্রিপোলি। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি থাকায় লিবিয়ার পরীক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানকার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন বাংলাদেশে চলে এসেছে। ঢাকা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকি পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র, উত্তরপত্র ও অন্যান্য গোপনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গত ৩১ মার্চ পাঠানো হয়েছে। এসব ইতিমধ্যে পৌঁছেও গেছে।পরীক্ষা শুরুর আগের দিন আজ সোমবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানাবেন কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি অর্থহীন হরতাল। আশা করি, তাঁরা এটি উপলব্ধি করবেন এবং বিবেচনা করবেন।’