কাল কায়রোতে সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি চলছে
প্রেসিডেন্ট হোসনি মোবারককে অপসারণের জন্যে কাল মঙ্গলবার কায়রোতে সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি চলছে।কালকের সমাবেশে যাতে লক্ষাধিক মানুষ জড়ো হয়, মোবারক-বিরোধী সংগঠন ‘এপ্রিল-৬ মুভমেন্ট’ তার সব আয়োজন করছে। এদিকে সেনাবাহিনী আন্দোলনের কেন্দ্রবিন্দু তাহরির স্কয়ারের দিকে মানুষের গতিপথ বন্ধ করতে পারছে না। মানুষের সমাগম তাহরির স্কয়ারের দিকে ক্রমেই বাড়ছে।এদিকে হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে আজ সোমবারও রাজপথে মানুষের বিক্ষোভ চলছে। কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কয়ার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রয়েছে।বিক্ষোভকারীরা হোসনি মোবারকের অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে। অন্যদিকে প্রেসিডেন্টের ভাগ্য অনেকটাই নির্ভর করছে সেনাবাহিনীর ওপর। পাশাপাশি দেশ-বিদেশের ব্যাপক চাপ রয়েছে দেশটির ওপর।তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা রয়েছে ‘সেনাবাহিনীকে মিসর ও মোবারকের মধ্যে একটিকে বেছে নিতে হবে’। হোসনি মোবারকের ৩০ বছরের শাসন থেকে মুক্তি পেতে আজও হাজার হাজার মানুষ তাহরি স্কয়ারে বিক্ষোভ করছে।গত মঙ্গলবার শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। আল-জাজিরা।