কাল কী হবে জানেন না রুনা-রত্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুন, সকাল আটটা। নিমতলীতে ঢোকামাত্রই নাকে এসে লাগল পোড়া গন্ধ। সকাল থেকেই শুরু হয়েছিল ৩ জুন রাতের অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। উদ্ধারকর্মীরা পাচ্ছেন কারও পায়ের গোড়ালি, কারও হাতের অংশবিশেষ—সবই পোড়া। দিন দুই আগেও এসব ছিল প্রাণবন্ত মানুষের শরীরের অংশ। খোঁজ করা হলো বিয়ের সেই কনের। ৪৩/১ নবাব কাটরার তৃতীয় তলার যে পরিবারে আক্দ বা পানচিনি অনুষ্ঠানের আয়োজন চলছিল, সেই পরিবারের রত্না ও রুনা বেঁচে আছেন। বাকি ৪১ জন নেই। এক ব্যক্তি জানালেন, রুনার হবু শ্বশুরবাড়িতে আছেন তাঁদের ভাই ফয়সাল। ‘আমরা তিন ভাইবোন শুধু বেঁচে আছি। পরিবারের আর কেউ বেঁচে নেই। ওরা গিয়েছিল বিউটি পারলারে সাজতে। আমি চায়ের দোকানে চা খেয়ে বাসায় ঢুকছিলাম। হঠাৎ দেখি, ওপরে আগুন। মনে হচ্ছিল অগ্নিবৃষ্টি। কীভাবে দৌড়ে চলে এসেছি, মনে করতে পারছি না,’ বলেন ফয়সাল। পাত্র জামিলের বড় বোন উজমা ফাতেমী বলেন, ‘কী থেকে যে কী হয়ে গেল। আজ (শনিবার) তো আমার ভাইয়ের দুবাই চলে যাওয়ার কথা ছিল। বাগদান করে যাবে, পরে এসে বিয়ে করবে। তবে ওরা তো এখন আমাদের আত্মীয়। পরিবেশটা একটু স্বাভাবিক হয়ে এলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। আমরা কুসংস্কারে বিশ্বাস করি না।’ ফয়সালের কাছ থেকেই জানা গেল, তাঁর দুই বোন তাঁদের নানাবাড়িতে আছেন। ততক্ষণে ঝুম বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টিও পোড়া গন্ধ ঠেকাতে পারে না। খোঁজাখুঁজি করে পাওয়া গেল বাড়িটি। দেখা পেলাম রত্না ও রুনার। বৃদ্ধা নানি রওশন আরা বেগম তাঁর তিন সন্তান ও পরিবারের লোকজনকে হারিয়ে বাকরুদ্ধ। আর রুনার হাতভরা মেহেদির আলপনা। মেহেদি লাগিয়ে দিয়েছিলেন তাঁরই এক খালাতো বোন। তিনিও মারা গেছেন সেই রাতে। এ তথ্য জানিয়ে কান্নায় ভেঙে পড়েন রুনা। কান্না থামে না বড় বোন রত্নারও। ২২ জুন বিয়ে হওয়ার কথা তাঁরও। কিন্তু সবকিছু হারিয়ে এখন এক সীমাহীন বেদনার ভার বয়ে বেড়াচ্ছেন। আগামীকাল তাঁদের কী হবে জানেন না। বলেন, ‘কী হবে, কী করব—কিছুই বুঝতে পারছি না। ছোট ভাইবোনের দায়িত্ব আমার। শরীরের কাপড়টুকু ছাড়া কিছুই অবশিষ্ট নেই আমাদের। পারলারে গিয়েছিলাম বলে আমরা বেঁচে আছি। আগুন সব কেড়ে নিয়েছে আমাদের।’এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সাত রওজা এলাকার বিউটি পারলার ‘পেহেচান’-এ যাই। এখানেই সাজতে গিয়েছিলেন রুনা আর রত্না। যিনি সাজাচ্ছিলেন তাঁর নাম ময়না। জানালেন, ‘রাত সাড়ে আটটার দিকে দুই বোন আসেন। সালোয়ার-কামিজ ও গয়না নিয়ে এসেছিলেন। রুনার সাজ তখন শেষের দিকে, চুলটা বেঁধে দিচ্ছিলাম। রত্নার সাজও শেষ। তখনই আগুনের শিখা দেখতে পেলাম। সাজানো বাদ দিয়ে চলে গেলাম ছাদে। ওঁরা বারবার বাড়িতে ফোন করার চেষ্টা করছিলেন। কিন্তু সংযোগ পাচ্ছিলেন না। পরে ওঁদের খালাতো ভাই এসে জানান, ওঁদের বাড়িতেই আগুন লেগেছে। চিন্তার কিছু নেই। কিন্তু ভাইটি আমাকে বলেন যে ওঁদের কেউ বেঁচে নেই।’কান্না চেপে রাখতে পারেননি ময়না। ‘ওঁদের সান্ত্বনা দিচ্ছিলাম। কিন্তু তখনো ওঁরা জানতেন না বাড়ির সবার মৃত্যুর খবর। ওঁদের থাকতে বললাম। কিন্তু কিছুতেই আটকানো গেল না। পারলারের কাজ বন্ধ করে দিলাম। আগুনে আমাদের অনেক নিয়মিত গ্রাহকই মারা গেছেন। স্বপ্নেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না,’ বলেন ময়না। আবারও চোখ ভিজে ওঠে তাঁর।