কাল খালেদার সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল শুক্রবার সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে খালেদা জিয়া রাজধানীতে তাঁর গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের ব্রিফ করার সিদ্ধান্ত নেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান আজ রাতে প্রথম আলো অনলাইনকে জানান, কাল বিকেল পাঁচটায় গুলশান কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেবেন দলের নেতা।খালেদা জিয়া চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরেছেন। রাত পৌনে নয়টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশানের কার্যালয়ে যান। পরে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় এবং রায়-পরবর্তী সহিংস ঘটনা ও ব্যাপক প্রাণহানিসহ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন। এ প্রতিবেদন লেখার সময় বৈঠক শুরু হয়।গত ১৯ ফেব্রুয়ারি চিকিত্সার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুরে যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাঁটু, গলা ও দাঁতের চিকিত্সা করান তিনি। দেশে ফিরলে বিমানবন্দরে খালেদা জিয়াকে দলের জ্যেষ্ঠ নেতারা অভ্যর্থনা জানান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।