কাল খুলছে আশুলিয়ার সব কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন বন্ধ থাকার পর কাল বৃহস্পতিবার থেকে সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আবার খুলবে।আজ বুধবার বিকেলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকের পর শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএয়ের নেতারা কারখানা খুলে দিতে সম্মত হন। সচিবালয়ে এ বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা থাকবে। আমি মালিকদের কারখানা খোলা ও শ্রমিক ভাইবোনদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ মন্ত্রী বলেন, গত ১০ দিন ধরে পোশাক কারখানায় যে অস্থিরতা চলছে—তাতে কেবল শ্রমিক ও মালিকেরাই নন, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশুলিয়া এলাকায় বিরাজমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ এ খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, শ্রমিকেরা বাসস্থান ও যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় আছেন। বছরে তিন থেকে চারবার বাড়ি ভাড়া বাড়ছে, যেটি গ্রহণযোগ্য নয়। এসব সমস্যা সমাধানের জন্য সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী রেশনিংয়ের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে শিগগিরই কম মূল্যে প্রাথমিকভাবে চাল এবং পরবর্তী পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ করা হবে। মন্ত্রী বলেন, চট্টগ্রামে সিডিএ ও বিজিএমইএয়ের মাধ্যমে আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আশুলিয়া ও অন্যান্য শ্রমঘন এলাকায় আবাসন প্রকল্প গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে যথাযথভাবে কোনো দাবি-দাওয়া পাওয়া যায়নি। যদি কোনো যৌক্তিক দাবি-দাওয়া পাওয়া যায়, তবে সেটি আলোচনার মাধ্যমে সমাধানে সরকার আন্তরিক। মন্ত্রী গুজবে কাউকে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই শিল্প এখন আর কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। এই খাত অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এই শিল্পকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চলছে। কাজেই গুজব বা অপপ্রচার চালিয়ে এই খাতের কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মন্ত্রী বলেন, যারা ধ্বংসাত্মক কার্যকলাপে অংশ নেবেন তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে ইতিমধ্যে যেসব শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেগুলো শিগগিরই প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি শফিউল আলম, বিকেএমইএ সভাপতি নাসিম ওসমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এর আগে সকালে পোশাকশ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। শ্রম ভবনে চার ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠকে শ্রমিকনেতারা আশুলিয়া এলাকার সব কারখানা খুলে দেওয়া ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন। পোশাকশিল্প খাতের শ্রমিক সংগঠনের নেতারা এতে অংশ নেন।বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ১১ জুন থেকে অস্থিরতা শুরু হয় পোশাক কারখানাগুলোতে। একপর্যায়ে গত শনিবার আশুলিয়ার সব কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। এতে আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ হয়ে যায়।