কাল খুশির ঈদ
এক মাসের সংযম আর সিয়াম সাধনার পর আবার এসেছে ঈদ। আজ রোববার সন্ধ্যার পর পশ্চিম আকাশে দেখা গেছে আনন্দের চিহ্ন শাওয়ালের চাঁদ। কাল সোমবার দেশের মুসলিম সম্প্রদায় মেতে উঠবে ঈদের আনন্দে। সব শ্রেণী-পেশার মানুষ যাঁর যাঁর সাধ্যমতো প্রস্তুতি নিয়েছেন ঈদ উদযাপনে।রাজধানী ঢাকাসহ সারা দেশে এখনো চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এখনো বাড়ির পথে অনেকে। তবে রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে ভিড় কমে গেছে।রাজধানীসহ দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের একাধিক জামাত হবে। প্রতিবারের মতো এবারও হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের সময় যান চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সবার সঙ্গে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।বরাবরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রতিবছর তিন লাখেরও বেশি মুসল্লি এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করেন। এরই মধ্যে দেশের ও দেশের বাইরে থেকে অনেকেই কিশোরগঞ্জে পৌঁছেছেন। দেশের সর্ববৃহত্ ঈদের জামাতকে কেন্দ্র করে শোলাকিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।নামাজের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেত্রী ও রাজনৈতিক অঙ্গনের নেতারা।