কাল খোকশায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ সময় পিকেটিংয়ের দায়ে পিংকু আলী (১৯) ও আশরাফুল করিম (৩৮) নামের বিএনপির দুই কর্মীকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামাড়া, দৌলতপুর ও কুমারখালী উপজেলায় এ হরতাল পালিত হয়। তবে অনিবার্য কারণবশত খোকশা উপজেলায় আজ হরতাল পালন না হওয়ায় আগামীকাল বুধবার ওই এলাকায় হরতাল পালিত হবে। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান আজ প্রথম আলো ডটকমকে এ কথা জানান। এ ছাড়া কাল আটক নেতা-কর্মীদের জামিনের জন্য পুনরায় আদালতে আবেদন করা হবে বলেও তিনি জানান। গতকাল সোমবার জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনসহ দলের ১৩ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর হয়। এর প্রতিবাদে গতকাল বিকেল চারটায় এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ছয়টার দিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আরজুর নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। এ সময় পিকেটাররা শহরের পুলিশ লাইনের সামনে একটি বাস ভাঙচুর করে। এ ছাড়া সকাল আটটার দিকে বঙ্গবন্ধু মার্কেটের সামনে কয়েকটি ককটেলের বস্ফািরণ ঘটে। পরে বেলা একটার দিকে কোর্টস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেল, দুটি অটোবাইক ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা।হরতালের কারণে কুষ্টিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও বন্ধ থাকে। কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।’