কাল গণমিছিল করার আহ্বান শাহবাগের আন্দোলনকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা ১২ টি ইসলামী দলের ডাকা আগামীকালের হরতাল প্রত্যাখ্যান করে সারা দেশে গণমিছিল করার আহ্বান জানিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা দেওয়ার সময় এ আহ্বান জানান ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার।ইমরান এইচ সরকার কর্মসূচি ঘোষণা দেওয়ার সময় বলেন, যে জামায়াত-শিবির চক্র শহীদ মিনার ভেঙেছে, পতাকা জ্বালিয়েছে, সেই ঘাতকচক্রের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে যে যার জায়গা থেকে রাজপথে নামুন। আগামীকাল গাড়ি চলবে, দোকানপাট খুলবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে। হরতাল প্রত্যাখ্যান করে কাল সকাল আটটার দিকে শাহবাগ থেকে বেরা হওয়া গণমিছিলে অংশ নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। রায়ের বাজার বধ্যভূমির আজকের সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করায় প্রজন্ম চত্বরের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ইমরান। তিনি এ সময় শাহবাগসহ সারাদেশে পাড়া-মহল্লাসহ প্রতিটি জায়গা থেকে গণমিছিল বের করার আহ্বান জানান। সংবাদ সম্মেলন করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মিথ্যাচার করেছেন অভিযোগ করেন ইমরান। তিনি বলেন, মাহমুদুর রহমান এই আন্দোলনকে বিভ্রান্ত করতে ফ্যাসিবাদের আন্দোলন বলেছে। এই আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে। সব জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও উসকানি দেওয়ার অভিযোগ করে মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ইমরান। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার না করলে গণজাগরণ মঞ্চ প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের এই আহ্বায়ক। সংবাদপত্রের পরিবেশক ও হকারদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেন, ‘উসকানিদাতা ‘‘আমার দেশ’’, ‘‘সংগ্রাম’’ ও ‘‘নয়াদিগন্ত’’ পত্রিকা বিক্রি বন্ধ করে দিন।’ এদের প্রত্যাখ্যান করে দেশপ্রেমিকদের আহুত সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষের দিকে ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধীদের হরতাল মানি না, মানব না। শাহবাগ জেগে আছে, শাহবাগ জেগে থাকবে। জয় বাংলা।’