কাল জয়পুরহাটে হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।আজ মঙ্গলবার হরতাল চলাকালে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের (সদর ও পাঁচবিবি) সাংসদ মোজাহার আলী প্রধানকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে কাল জয়পুরহাটে হরতাল ডেকেছে দলটি।জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) সাংসদ গোলাম মোস্তফা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন।গোলাম মোস্তফা জানান, ঢাকায় যোগাযোগ করে মুঠোফোনে জানতে পেরেছেন মোজাহার আলী প্রধানকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর আটকের প্রতিবাদে কাল বুধবার জয়পুরহাটে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে। তবে তাঁকে যদি বুধবারের আগেই ছেড়ে দেওয়া হয়, তাহলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হবে বলেও তিনি জানান।জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাংসদ মোজাহার আলী প্রধানের মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি হরতাল ডেকেছে।এদিকে সাংসদ মোজাহার আলী প্রধানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বড় ছেলে আবু রায়হান প্রধান প্রথম আলো ডটকমকে জানান, তাঁর বাবাকে ডিবি পুলিশ আটক করেছে।