ঢাকা-চট্টগ্রামে আধা বেলা, সারা দেশে পূর্ণদিবস
কাল জামায়াতের হরতাল, বিএনপির সমর্থন, আতঙ্ক
সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অর্ধদিবস হরতাল পালন করবে দলটি। আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই ঘোষণা দেন। আগেরবারের মতো এবারও জামায়াতের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সাংবাদিকের বিষয়টি অবহিত করেন। রিজভী বলেন, বুধবার জামায়াতের পূর্বনির্ধারিত একটি সমাবেশ ছিল। কিন্তু এই সমাবেশের অনুমতি না দিয়ে সরকার রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। যেহেতু জামায়াত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল হরতাল ডেকেছে। তাই জামায়াতের ডাকা হরতালে সমর্থন জানাচ্ছে বিএনপি।জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির অনুরোধে ঢাকা মহানগর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের (বিপিএল) অনুরোধে চট্টগ্রাম মহানগর এলাকায় অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এর আগে দুপুরে এক বিবৃতিতে কাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছিল।সন্ধ্যায় বিবৃতিতে বলা হয়, ‘আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতির প্রতি সম্মান প্রদর্শন ও বার্ষিক অনুষ্ঠান এবং বিপিএল কর্তৃপক্ষের অনুরোধ বিবেচনা করে শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’জানা গেছে, গত রোববার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব ও দলের আটক নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আজ বিকেলে বায়তুল মোকাররমের উত্তর সড়কে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করে দলটি। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত তাদের সমাবেশ করার কোনো অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। তাই সমাবেশ করার অনুমতি না দেওয়া, সরকারের দমনপীড়নের প্রতিবাদ এবং জামায়াতের আটক নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয় বলে শফিকুল ইসলাম জানান।