কাল জামিন পেতে পারেন বিএনপির নেতারা : মওদুদ
আইন নিজের গতিতে চললে কাল উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাবেন বিএনপির কারাবন্দী নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেছেন। বিএনপির নেতা আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ছাত্রদলের মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।মানববন্ধনে মওদুদ আহমদ অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, সৌদি কূটনীতিক হত্যা, ইলিয়াস আলী গুম, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী ও পুলিশি হামলার ঘটনায় সরকার কিছুই করতে পারেনি। দেশে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে।মওদুদ বলেন, বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে পুলিশ ও ‘প্রভাবিত’ আদালতের আশ্রয় নিয়েছে সরকার। তবে এই সব করে বিএনপির আন্দোলনকে বানচাল করা যাবে না। বিএনপির আন্দোলন আরও জোরদার হবে বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে, ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা খায়রুল কবিরের মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে না আনা হলে ১১ জুন সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল উপস্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।