কাল জারদারি-মনমোহন রুদ্ধদ্বার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর ব্যক্তিগত ভারত সফরে ৮ এপ্রিল রোববার দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। দুই নেতার মধ্যকার ওই বৈঠকে এমনকি কোনো তথ্য কর্মকর্তাও উপস্থিত থাকবেন না। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ব্যক্তিগত এ সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ৮ এপ্রিল ভারতের আজমির যাচ্ছেন। সেখানে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর মাজার জিয়ারত করবেন। কাল পাকিস্তানের প্রেসিডেন্টকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন মনমোহন সিং। মধ্যাহ্নভোজের আগে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এ বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার চলমান সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে জানা গেছে, প্রেসিডেন্ট জারদারি তাঁর ভারত সফরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানের সঙ্গে পরামর্শ করবেন।এর মধ্য দিয়ে প্রতীয়মান যে জারদারির ভারত সফরে উদ্দেশ্য কেবল ধর্মীয় নয়, বরং এর পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যও আছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জারদারির এই ব্যক্তিগত সফরের সময় উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।উল্লেখ্য, ২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফরে যাচ্ছেন। ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সর্বশেষ বৈঠকে মিলিত হয়েছিলেন প্রেসিডেন্ট জারদারি।