কাল টাঙ্গাইল-৩ উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) শূন্য আসনের উপনির্বাচন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।এ উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মড পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য নিয়োজিত থাকবেন।প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি সদস্য মোতায়েন করা হবে।নির্বাচন চলাকালীন বিভিন্ন অনিয়ম মোকাবিলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৪ নভেম্বর থেকে আটজন নির্বাহী এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে আসছেন।নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সব কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে।নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার টাঙ্গাইল-৩ উপনির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, আইনশৃঙ্খলা সার্বিকভাবে ভালো রয়েছে। টাঙ্গাইল-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ দলীয় সাংসদ মতিউর রহমান এ বছরের ১৩ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে মারা যান। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে শূন্য এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৮ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে গত ৮ অক্টোবর তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে শহীদুল ইসলাম লেবু, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমানুর রহমান খান রানা আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনের অধীনে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে। এ আসনের মোট ভোটার দুই লাখ ৭১ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার যথাক্রমে এক লাখ ৩১ হাজার ৭৮৬ এবং এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন। এ আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬টি এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৮৮৫টি। বাসস।