কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ
রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির মৃত্যুতে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, ডীনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরের শুক্রবার (২৯ মার্চ) থেকে ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক ও কর্মচারীদের সকল রুটের পরিবহন ব্যবস্থাও চালু থাকবে।হরতালসহ বিভিন্ন কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় ডিনস কমিটি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২২ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রাষ্ট্রপতির মৃত্যুতে আগামীকাল শুক্রবার কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।এদিকে জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আগামী শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বন্ধ থাকবে।