কাল থেকে অভিন্ন প্রশ্নপত্রে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা
কাল বৃহস্পতিবার থেকে দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। স্কুলপর্যায়ে এ পরীক্ষার নাম জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং মাদ্রাসার ক্ষেত্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট।আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। মন্ত্রী জানান, এবার শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ পাঁচ হাজার ৩৯১। এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেবে ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ শিক্ষার্থী। আর জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অংশ নেবে দুই লাখ ৭২ হাজার শিক্ষার্থী। এবার ২৭ হাজার ২২১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হাজার ৮০৪টি কেন্দ্রে পরীক্ষা দেবে। মন্ত্রী জানান, এবার এ পরীক্ষায় ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট সময় বেশি দেওয়া হবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখকের সুযোগ দেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ছাড়া বাকি বিষয়ের প্রশ্নপত্র সৃজনশীল পদ্ধতিতে হবে। এবার অষ্টম শ্রেণীতে আলাদা করে কোনো বৃত্তি পরীক্ষা হবে না। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে।