কাল থেকে আশুলিয়ার সব কারখানা বন্ধ
অবশেষে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। কাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।নেতারা বলেছেন, ‘নিরাপত্তা নিশ্চিত এবং পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো আশ্বাসের ভিত্তিতে কারখানা খোলা সম্ভব হবে না।’ একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে সারা দেশের পোশাকশিল্প বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা।আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) যৌথ সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের মালিক ও নেতারা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘অপশক্তির ইন্ধনে ৩০ বছরে গড়ে ওঠা জাতীয় সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উদ্যোক্তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে কারখানা খুলছেন এবং অনেকেই আক্রমণের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে ব্যক্তি ও শিল্প উভয়ের নিরাপত্তার স্বার্থে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা অত্যন্ত অপারগ হয়ে বন্ধ করতে বাধ্য হচ্ছি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক আলমগীর কবির, বিজিএমইএ সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, পরিচালক আতিকুল ইসলাম, শহিদুল্লাহ আজিম, সিদ্দিকুর রহমান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়ায় আক্রান্ত পোশাক কারখানার কয়েকজন মালিক।সম্প্রতি আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে গত বৃহস্পতিবার ‘দুই দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে’ আশুলিয়ার সব কারখানা বন্ধ করার হুমকি দেন পোশাক মালিকেরা। আজ আশুলিয়ায় আবার শ্রমিক-পুলিশ সংঘর্ষে অব্যাহত থাকার পর এ ঘোষণা দিলেন তাঁরা।