কাল থেকে কামরুল উৎসব
স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকার নকশা করেছিলেন শিল্পী কামরুল হাসান। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে এই মহান শিল্পীর অবদানের কথা বারবার উচ্চারিত হয়। আমৃত্যু তিনি তাঁর শিল্পের মধ্য দিয়ে কাজ করেছেন অন্যায়ের বিরুদ্ধে।বরেণ্য এই শিল্পীর ৯০তম জন্মবার্ষিকী ও মৃত্যবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘কামরুল উৎসব ২০১২’। উৎসবে থাকছে চিত্রশিল্পীর বাছাইকৃত কিছু কাজ নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনী এবং ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমীতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার উৎসবের আয়োজক শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি তুলে ধরেন।পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই উৎসবের মাধ্যমে দেশের মানুষ শিল্পী কামরুল হাসান সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।সংবাদ সম্মেলনে শিল্পীর মেয়ে ও পরিষদের সম্পাদক সুমনা হক বলেন, কামরুল হাসানের নির্বাচিত ৫০টি ছবির ডিজিটাল প্রিন্ট নিয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী হবে। আগামীকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে এটির প্রদর্শনী শুরু হবে। পর্যায়ক্রমে তা দেশব্যাপী দেখানো হবে।সুমনা হক আরও জানান, ৩ ফেব্রুয়ারি সকাল নয়টায় শিশু একাডেমী প্রাঙ্গণে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ ছাড়া প্রতিবন্ধী ও আটিস্টিক শিশুরা অংশ নিতে পারবে এতে। প্রতিযোগিতায় শিশুদের আঁকার রং ও অনুষঙ্গ সঙ্গে আনতে হবে। আঁকার কাগজ আয়োজকেরা সরবরাহ করবেন।এ ছাড়া ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পীর দুই শতাধিক শিল্পকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে আরও থাকবে শিল্পীর খেরোখাতাসহ অন্যান্য উল্লেখযোগ্য কাজের নমুনা।শিল্পীর বিভিন্ন ধরনের কাজ সংরক্ষণ করার জন্য একটি ওয়েব আর্কাইভ তৈরির কাজও করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে শিল্পী মুস্তাফা মনোয়ার, হাসেম খান, সৈয়দ হাসান ইমাম, উৎসবের পৃষ্ঠপোষক সিটিসেলের হেড অব করপোরেট ও পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ, রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।