চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে কাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুমিল্লা জেলার সব উপজেলা ও শহরের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এক ঘণ্টা ধর্মঘট পালন। ওই দিনগুলোতে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রোগী না দেখা। জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান জসিম প্রথম আলোকে জানান, গত ১ মার্চ সকাল নয়টায় কুমিল্লা শহরের বাদুড়তলা এলাকার বেসরকারি হাসপাতাল সিডিপ্যাথের চিকিৎসক মো. নাজমুল হাসানের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই দিনই তিনজনের নাম উল্লেখ করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় কুমিল্লার চিকিৎসকেরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাই তিন দিনের এ ধর্মঘট ডাকা হয়েছে। কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সমীর কান্তি সরকার বলেন, ‘যেহেতু আমরা সব চিকিৎসকই বিএমএর সদস্য, তাই আমরা প্রত্যেকেই ওই কর্মবিরতি পালন করব। তবে জরুরি বিভাগ খোলা থাকবে।’ এদিকে গত রোববার বিএমএর জেলা সভাপতি মো. শহীদুল্লাহর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাত্ করেন। চিকিৎসকেরা ওই মামলার আসামি শহরের তালপুকুরপাড় এলাকার বাসিন্দা লিটনসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করা এবং মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানান। অন্যথায় আগামী সপ্তাহব্যাপী অবিরাম ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে ২৮ ফেব্রুয়ারি রাতে এক রোগী মারা যায়। ওই খবর পেয়ে ১ মার্চ সকাল নয়টায় রোগীর স্বজনেরা হাসপাতালে গিয়ে চিকিৎসক মো. নাজমুল হাসানকে মারধর করে। কিন্তু নাজমুল রোগী মারা যাওয়ার রাতে দায়িত্বে ছিলেন না।