কাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা খারাপ ও গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় কাল সোমবার সকাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা করা হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপ কার্যালয়ে কুষ্টিয়া বাস শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।সভা শেষে বলা হয়, রাস্তা খারাপের কারণে কুষ্টিয়ার সব রুটে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই কাল থেকে ঢাকাসহ সব রুটে বাস-ট্রাক ও যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সভায় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন দুলাল, বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সহকারী সম্পাদক আবদুল লতিফ, জেলা ট্রাক ও ট্যাংকলরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমানের কাছে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মালিক সমিতি চিঠি দেয়। এতে বলা হয়, জনস্বার্থে রোববারের মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক মেরামত করতে হবে। অন্যথায় যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সোমবার থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।এ ব্যাপারে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল বাস-মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। আমরা সাধ্যমতো রাস্তা সংস্কারের চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমাদের তো আলাদিনের চেরাগ (বাতি) নেই যে কয়েক ঘণ্টার মধ্যে রাস্তা ভালো করে দেব। আর রাস্তার মধ্যে তো কোনো বড় পুকুরও হয়নি যে গাড়ি চলাচল করতে পারবে না। গাড়ি বন্ধ করলে ভালো, আমরা ভালোভাবে রাস্তার কাজ করতে পারব।’