কাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সাড়ে চার মাস ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য আবদুল হাকিম সরকার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ১১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্থানীয় লোকজনের মধ্যে বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের কারণে গত ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা গত ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। গত ৩ অক্টোবর শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় চালাতে ব্যর্থতার অভিযোগে শিক্ষক সমিতির এক সাধারণ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেয়। এরপর ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললে শিক্ষকেরা প্রশাসনের ওই তিন কর্তাব্যক্তির অপসারণের দাবিতে আন্দোলনে নামেন এবং তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। আন্দোলনের মুখে গত ২৭ ডিসেম্বর উপাচার্য, ১ জানুয়ারি সহ-উপাচার্য এবং ২০ জানুয়ারি প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়।২০ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদের তিনটি সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ ও গ্রিন ফোরাম পৃথক সিদ্ধান্তের মাধ্যমে গত সোমবার থেকে ক্লাস-পরীক্ষা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই দিন পেট্রল পাম্পের মালিকদের ধর্মঘট এবং আজ কুষ্টিয়ায় হরতাল থাকায় ক্যাম্পাসে কোনো গাড়ি আসতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কে এম সালেহ বলেন, ‘নতুন করে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগের ফলে আশা করি শিক্ষকদের জন্য নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। এখন আমাদের ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে আর কোনো বাধা নেই।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোছাইন জানান, ‘কাল বুধবার থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষায় ফিরে যাবেন শিক্ষকেরা।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে।’ অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নেওয়ার মাধ্যমে তা পুষিয়ে দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।