কাল থেকে খোলাবাজারে চাল বিক্রি শুরু
স্বল্পমূল্যে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে ফেয়ার প্রাইজ কার্ডের (সঠিক দামের কার্ড) মাধ্যমে চাল বিক্রি। এ ক্ষেত্রে প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ টাকা। এ ছাড়া ঈদের আগে দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। রমজানকে সামনে রেখে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।মন্ত্রী আরও জানান, পুরো রমজান মাসে ওএমএস কার্যক্রম চলবে। একজন লোক সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি করা হবে। সারা দেশে ৪৮৫ জন ডিলারকে এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬৫ জন ট্রাকে এবং বাকিরা দোকানে চাল বিক্রি করবেন।দোকানের ডিলাররা কেবল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবেন। মন্ত্রী বলেন, রমজানে চালের মূূল্য গরিব মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার এই বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে।কার্ডের মাধ্যমে চাল বিক্রির ব্যাপারে মন্ত্রী বলেন, সারা দেশে চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জনের মধ্যে এই বিশেষ কার্ড বিতরণ করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।মন্ত্রী বলেন, কার্ডধারীরা মাসে একবার ২০ কেজি চাল কিনতে পারবেন। এ কাজে এরই মধ্যে ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।